‘চাষার ব্যাটা’-র জীবনাবসান, প্রয়াত হলেন বাংলার প্রাক্তন মন্ত্রী রেজ্জাক মোল্লা

প্রয়াত হলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী এবং ‘চাষার ব্যাটা’ নামে পরিচিত রেজ্জাক মোল্লা। শুক্রবার সকালে ভাঙড়ের বাকড়ি গ্রামে নিজের বাড়িতেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন অসুস্থতায় ভুগছিলেন এবং সক্রিয় রাজনীতি থেকেও বেশ কিছুদিন ধরে দূরে ছিলেন বর্ষীয়ান এই নেতা।
রেজ্জাক মোল্লা ১৯৭৭ সালে প্রথম বামফ্রন্ট সরকারের আমলে ক্যানিং পূর্ব বিধানসভা কেন্দ্র থেকে নির্বাচিত হয়েছিলেন। দীর্ঘ সময়, ২০১১ সাল পর্যন্ত তিনি ওই কেন্দ্রেরই বিধায়ক ছিলেন। বামেদের কঠিন সময়েও এই আসনটি রেজ্জাক মোল্লার হাতছাড়া হয়নি। বামফ্রন্ট সরকারের আমলে তিনি ভূমি ও ভূমি রাজস্ব দপ্তরের মন্ত্রীর দায়িত্ব সামলেছেন।
তবে, ২০১৪ সালে সিপিআইএমের রাজ্য কমিটি দলবিরোধী কার্যকলাপের অভিযোগে রেজ্জাক মোল্লাকে বহিষ্কার করে। এরপর তিনি ‘চাষার ব্যাটা’ নামাঙ্কিত একটি নতুন রাজনৈতিক দল গঠন করেন, যার নাম ছিল ভারতীয় ন্যায়বিচার পার্টি। তবে পরবর্তীকালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা তৈরি হয়। ২০১৬ সালে তিনি তৃণমূলে যোগদান করেন এবং ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে বিধায়ক নির্বাচিত হন। সেই সময় তিনি খাদ্য ও খাদ্য প্রক্রিয়াকরণ দপ্তরের মন্ত্রীর দায়িত্ব পান। যদিও ২০২১ সালের বিধানসভা নির্বাচনে বয়সজনিত কারণে তৃণমূল কংগ্রেস তাঁকে আর প্রার্থী করেনি এবং দলের সঙ্গে তাঁর খানিকটা দূরত্ব তৈরি হয়। এরপর থেকেই তিনি অসুস্থ হয়ে কার্যত গৃহবন্দি ছিলেন এবং সক্রিয় রাজনীতিতে আর তেমনভাবে দেখা যায়নি। তবে বিভিন্ন সময়ে বিভিন্ন রাজনৈতিক ইস্যুতে তাঁর মতামত শোনা গিয়েছে।
তাঁর প্রয়াণে রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে। দীর্ঘ রাজনৈতিক জীবনে রেজ্জাক মোল্লা ‘চাষার ব্যাটা’ হিসেবে সাধারণ মানুষের মধ্যে পরিচিত ছিলেন এবং ভূমি সংস্কারের ক্ষেত্রে তাঁর অবদান বিশেষভাবে উল্লেখযোগ্য।