শুক্রেও কালবৈশাখির দাপট, কেমন থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া? জানুন বিস্তারে

চৈত্রের শেষ লগ্নে আবহাওয়া দফতরের পূর্বাভাস সত্যি করে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রবল ঝড়বৃষ্টিতে ভিজেছে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলা। দফায় দফায় বৃষ্টিতে তীব্র গরমের অস্বস্তি কিছুটা হলেও কমেছে। ক্ষণিকের এই বৃষ্টিতে স্বস্তির নিশ্বাস ফেলেছে বঙ্গবাসী। তবে, আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, শুক্রবারও দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ব্যাপক ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এমনকি কিছু এলাকায় কালবৈশাখীর দাপটও দেখা যেতে পারে বলে জানানো হয়েছে।
হাওয়া অফিস সূত্রে খবর, শুক্রবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পরিস্থিতি আগামী সোমবার পর্যন্ত বজায় থাকতে পারে। শুধু দক্ষিণবঙ্গই নয়, উত্তরবঙ্গের সব জেলাতেও আজ ও কাল ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। এমনকি কিছু এলাকায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, শুক্রবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ঝড় বৃষ্টির সময় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা বাতাস বইতে পারে। তবে, সাতটি জেলায় এই সতর্কতার প্রভাব বেশি থাকবে। জেলাগুলি হল – পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া।
শনিবার দক্ষিণবঙ্গের নয়টি জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতি তৈরি হতে পারে। ওই দিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলায় তুলনামূলকভাবে বেশি সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
রবিবারেও দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎসহ ঝড় বৃষ্টির সতর্কতা জারি থাকবে। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে, হুগলি, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং নদিয়া – এই ছয়টি জেলায় কালবৈশাখীর মতো পরিস্থিতির জন্য বিশেষ সতর্কতা জারি করা হয়েছে। এই সময় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে।
সোমবারও কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর এবং পুরুলিয়া – এই চারটি জেলায় ঝড় বৃষ্টির তীব্রতা বেশি থাকতে পারে। এই জেলাগুলিতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। সোমবারের পরেও দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত চলবে, তবে তার প্রভাব ধীরে ধীরে কমবে। আবহাওয়া দফতর আরও জানিয়েছে, আগামী কয়েকদিনে তাপমাত্রার খুব একটা বড়সড় পরিবর্তন হবে না। ঝড়বৃষ্টি হলে তাপমাত্রা সামান্য কমবে, আবার রোদ উঠলে তাপমাত্রা বৃদ্ধি পাবে।