চোটের ধাক্কা সিএসকে শিবিরে, অধিনায়কত্বের ব্যাটন ফের ধোনির হাতে

চেন্নাই সুপার কিংস (সিএসকে) শিবিরে বড় ধাক্কা। দলের তরুণ অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় কনুইয়ের চোটের কারণে চলতি আইপিএল ২০২৫ থেকে ছিটকে গেলেন। এই পরিস্থিতিতে দলের বাকি ম্যাচগুলির জন্য ফের অধিনায়কত্বের দায়িত্ব তুলে দেওয়া হল অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনির কাঁধে।

শুক্রবার কলকাতা নাইট রাইডার্সের (কেকেআর) বিরুদ্ধে মাঠে নামার আগে সিএসকে-র কোচ স্টিফেন ফ্লেমিং এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন। এর আগে পাঞ্জাব কিংসের বিরুদ্ধে ম্যাচের আগেও ঋতুরাজের খেলা নিয়ে সংশয় তৈরি হয়েছিল, যদিও সেই ম্যাচে তিনি খেলেছিলেন। তবে কনুইয়ের চোট গুরুতর হওয়ায় এই মরশুমে আর মাঠে নামা হচ্ছে না তরুণ এই ওপেনারের।

ফলে, ফের একবার কঠিন পরিস্থিতিতে দলের হাল ধরতে চলেছেন মহেন্দ্র সিং ধোনি। ২০২৩ সালের আইপিএল ফাইনালে শেষবার চেন্নাই দলকে নেতৃত্ব দিয়েছিলেন মাহি। এরপর ২০২৪ সালের আইপিএলে তিনি নেতৃত্ব ছেড়ে ঋতুরাজকে দায়িত্ব দেন। তবে দলের খারাপ ফর্ম এবং অধিনায়কের ছিটকে যাওয়ায় ফের অভিজ্ঞ ধোনির উপরই ভরসা রাখল চেন্নাই টিম ম্যানেজমেন্ট।

এই প্রসঙ্গে কোচ স্টিফেন ফ্লেমিং বলেন, “পরিবর্তনের কথা বলতে গেলে আমাদের দলে বিকল্প খুব কমই আছে। আমরা কাউকে বেছে নিইনি, ধোনিই দায়িত্ব নেওয়ার জন্য প্রস্তুত ছিলেন। তিনি বুঝতে পারছেন এখন তাকেই দায়িত্ব নিতে হবে।” ফলে কেকেআরের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে টস করতে দেখা যাবে মহেন্দ্র সিং ধোনিকে।

পাঁচবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস চলতি আইপিএলে একেবারেই ভালো ছন্দে নেই। পাঁচটি ম্যাচ খেলে মাত্র দুই পয়েন্ট নিয়ে লিগ টেবিলের নিচের দিকে অবস্থান করছে তারা। কেকেআরের বিরুদ্ধে এই ম্যাচ সিএসকের কাছে ঘুরে দাঁড়ানোর লড়াই। শেষ ম্যাচে পাঞ্জাব কিংসের ঘরের মাঠে হারতে হয়েছে তাদের। এমতাবস্থায় অভিজ্ঞ মহেন্দ্র সিং ধোনির নেতৃত্ব দলের ভাগ্য কতটা ফেরাতে পারে, সেদিকেই নজর থাকবে ক্রিকেটপ্রেমীদের।