RBI-রেপো রেট কমিয়েছে, জেনেনিন হোম লোনের EMI কতটা কমবে?

সাধারণ মানুষের জন্য ফের এক স্বস্তির খবর। রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI) ২০২৫ সালে দ্বিতীয়বারের জন্য রেপো রেট কমাল। বুধবার রিজ়ার্ভ ব্যাঙ্কের মুদ্রানীতি কমিটি (Monetary Policy Committee) রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এই পদক্ষেপের ফলে রেপো রেট ৬ শতাংশে নেমে এসেছে। বিশেষজ্ঞরা মনে করছেন, রেপো রেট হ্রাসের জেরে সাধারণ মানুষের ঋণের বোঝা কিছুটা হলেও কমতে পারে। বিশেষত, ফ্লোটিং রেটের গৃহঋণ এবং অন্যান্য ঋণের ক্ষেত্রে ইএমআই (EMI) কমার সম্ভাবনা রয়েছে।

বাজার বিশেষজ্ঞ আদিল শেট্টি এই প্রসঙ্গে বলেন, ‘রিজ়ার্ভ ব্যাঙ্ক রেপো রেট ২৫ বেসিস পয়েন্ট কমিয়ে ৬ শতাংশ করেছে। অর্থনীতির বিকাশের গতিকে আরও মসৃণ করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। ব্যাঙ্কগুলি যদি এই হ্রাসের সুবিধা গ্রাহকদের কাছে পৌঁছে দেয়, তাহলে ঋণের সুদের হারেও পরিবর্তন দেখা যেতে পারে।’

রেপো রেট কমার ফলে সবচেয়ে বেশি সুবিধা পাবেন ফ্লোটিং রেট হোম লোনের গ্রাহকরা। তাদের মাসিক ইএমআই-এর বোঝা উল্লেখযোগ্যভাবে কমতে পারে। এর একটি আনুমানিক হিসাব নিচে দেওয়া হলো:

ধরা যাক, কোনো ব্যক্তি ৫০ লক্ষ টাকার গৃহ ঋণ নিয়েছিলেন ২০ বছরের জন্য এবং সেই ঋণের সুদের হার ছিল ৯ শতাংশ। সেক্ষেত্রে তাকে প্রতি মাসে ৪৩ হাজার ৭৪৫ টাকা ইএমআই দিতে হত। ২০২৫ সালে দু’দফায় রেপো রেট মোট ০.৫০ শতাংশ কমেছে। যদি ঋণ প্রদানকারী ব্যাঙ্ক এই সুদের হার কমিয়ে ৮.৫০ শতাংশ করে, তাহলে এখন ওই ব্যক্তিকে প্রতি মাসে ইএমআই দিতে হবে ৪১ হাজার ৭৮৫ টাকা। এর ফলে প্রতি মাসে গ্রাহকের সাশ্রয় হবে ১ হাজার ৯৬০ টাকা। অর্থাৎ, ২০ বছরের হোম লোনের মেয়াদে তিনি প্রায় ৪.৭০ লক্ষ টাকা সাশ্রয় করতে পারবেন।

রিজার্ভ ব্যাঙ্কের এই পদক্ষেপ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে রাখার পাশাপাশি ঋণগ্রহীতাদের কিছুটা আর্থিক স্বস্তি দেবে বলে আশা করা যাচ্ছে। এখন দেখার বিষয়, ব্যাঙ্কগুলি কত দ্রুত এই সুদের হার কমানোর সুবিধা সাধারণ গ্রাহকদের কাছে পৌঁছে দেয়।