চাকরি হারিয়ে ফুঁসছেন শিক্ষক-শিক্ষাকর্মীরা, চলছে অফিস ঘেরাও, ধস্তাধস্তি, ধুন্ধুমার কান্ড বাংলায়

চাকরি বাতিলের নির্দেশ ঘিরে রাজ্যের বিভিন্ন প্রান্তে বিক্ষোভ অব্যাহত। বুধবার পশ্চিম মেদিনীপুর, মালদা এবং মুর্শিদাবাদে জেলা স্কুল পরিদর্শকের (ডিআই) অফিসের সামনে ব্যাপক উত্তেজনা দেখা যায়। নিজেদের তিন দফা দাবি পূরণের জন্য চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা ডিআই অফিসগুলির গেটে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন। কোথাও কোথাও পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তি ও তীব্র বচসা বাঁধে।

পশ্চিম মেদিনীপুরে বুধবার সকাল ১০টা নাগাদ চাকরিহারা এবং যোগ্য বলে দাবি করা শিক্ষক-শিক্ষাকর্মীরা ডিআই দপ্তরের মেন গেটে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করেন। বেলা সাড়ে ১০টা নাগাদ ডিআই স্বপন সামন্ত পিছনের দরজা দিয়ে অফিসে ঢোকার চেষ্টা করলে বিক্ষোভকারীদের ক্ষোভ আরও বাড়ে। তারা ডিআই-কে সামনের দরজা দিয়ে ঢুকে তাদের চাকরির ভবিষ্যৎ নিয়ে প্রতিশ্রুতি দেওয়ার দাবি জানান। ডিআই অফিসে পৌঁছলে শিক্ষক-শিক্ষাকর্মীরা তাকে ঘিরে ধরে শিক্ষা দপ্তরের সঙ্গে তার কথা এবং পর্যদে ই-মেল পাঠানো নিয়ে প্রশ্ন করেন। ডিআই মেল পাঠানোর কথা জানালেও উত্তর না আসায় বিক্ষোভকারীরা আরও উত্তেজিত হয়ে পড়েন। একপর্যায়ে ডিআই পিছনের দরজা দিয়ে ঢোকার চেষ্টা করলে ঠেলাঠেলি ও ধস্তাধস্তি শুরু হয়। এরপর বিক্ষোভকারীরা ডিআই-সহ দু-তিন জন কর্মীকে মেন গেটের তালা খুলে অফিসে ঢোকানোর পর ফের তালা লাগিয়ে দেন। ডিআই অফিসের সামনে এখনও বিক্ষোভ চলছে এবং রাজ্য সরকার ও শিক্ষা দপ্তরের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন চাকরিহারারা।

অন্যদিকে, মালদাতেও বুধবার সকাল ১১টা নাগাদ ইংরেজবাজারের অতুল মার্কেট সংলগ্ন জেলা শিক্ষা দপ্তরে ঘেরাও কর্মসূচি শুরু করে ‘যোগ্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষা কর্মী মঞ্চ’। যোগ্যদের চাকরি থেকে বঞ্চিত করা যাবে না, এই দাবিতে সংগঠনের কয়েকশো সদস্য ডিআই অফিসের ভিতরে ঢুকে বিক্ষোভ দেখাতে শুরু করলে পুলিশের সঙ্গে তাদের বচসা ও ধস্তাধস্তি বাধে। পুলিশের বাধার মুখে পড়ে তারা জেলা শিক্ষা দপ্তরের সামনেই অবস্থান বিক্ষোভ শুরু করে দেন। চাকরি যাওয়ায় রাজ্য সরকার ও শিক্ষা দপ্তরের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদে সোচ্চার হন চাকরিহারা শিক্ষক ও শিক্ষাকর্মীরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হলেও জেলা শিক্ষা দপ্তর চত্বরে প্রবল উত্তেজনা রয়েছে।

মুর্শিদাবাদেও একই চিত্র দেখা যায়। জেলা বিদ্যালয় পরিদর্শক দপ্তরে তালা ঝুলিয়ে বিক্ষোভ দেখান যোগ্য শিক্ষক অধিকার মঞ্চের সদস্যরা। বুধবার সকাল থেকে তারা বিদ্যালয় পরিদর্শক দপ্তরের সামনে জড়ো হন এবং এরপর গেটে তালা লাগিয়ে বিক্ষোভ শুরু করেন। বিক্ষোভকারীদের মুখে ছিল ‘উই ওয়ান্ট জাস্টিস’ স্লোগান। এই বিক্ষোভের জেরে বিদ্যালয় পরিদর্শক দপ্তরের সামনের রাস্তা অবরুদ্ধ হয়ে পড়ে, যার ফলে সাধারণ মানুষ ও পথচারীদের যাতায়াতে চরম ভোগান্তি হয়।

এই লাগাতার বিক্ষোভ রাজ্যের শিক্ষা দপ্তরের উপর চরম চাপ সৃষ্টি করেছে এবং চাকরিহারাদের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা ক্রমশ বাড়ছে।