‘মিরাটের মতো দেহ কেটে নীল ড্রামে ভরে দেবো’, পরকীয়ার প্রতিবাদ করায় স্বামীকে হুমকি স্ত্রীর প্রেমিকের !

সম্প্রতি মিরাটের মার্চেন্ট নেভি অফিসার খুনের নৃশংস ঘটনা দেশজুড়ে চাঞ্চল্য সৃষ্টি করেছে। যেখানে এক স্ত্রী তার প্রেমিকের সাথে মিলে স্বামীকে খুন করে এবং দেহ ১৫ টুকরো করে ড্রামে ভরে সিমেন্ট দিয়ে চাপা দেয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই, এবার গুরুগ্রামে একই ধরনের হুমকির ঘটনা সামনে এল। পরকীয়ার প্রতিবাদ করায় এক ক্যাব চালককে তার স্ত্রীর প্রেমিক ‘নীল ড্রামে’ ভরে ১৫ টুকরো করে খুনের হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। শুধু তাই নয়, ওই যুবককে বেধড়ক মারধরও করা হয়েছে।
এই হাড় হিম করা ঘটনাটি ঘটেছে গুরুগ্রামের ‘দ্য বাসাই এনক্লেভ’ আবাসনে। আক্রান্ত যুবকের নাম মৌসম। তিনি ভালোবেসে পরিবারের অমতে মোগা নামের এক মহিলাকে বিয়ে করেছিলেন। মৌসম পেশায় একজন ক্যাব চালক। বিয়ের পর সবকিছু স্বাভাবিক চললেও, কিছুদিন পর মোগা পরকীয়ায় জড়িয়ে পড়েন।
স্ত্রীর অস্বাভাবিক আচরণে সন্দেহ হয় স্বামী মৌসমের। এরপর তিনি একদিন তার স্ত্রীকে তার প্রেমিকের সাথে হাতেনাতে ধরে ফেলেন। সেখান থেকেই শুরু হয় তীব্র বচসা। বচসা চরমে পৌঁছলে স্ত্রী মোগা তার প্রেমিককে দিয়ে স্বামী মৌসমকে মারধর করায়। অভিযোগ, মৌসমের মাথায় বন্দুক ঠেকিয়ে ভয়ও দেখানো হয়। এরপরই মোগার প্রেমিক তাকে খুন করার হুমকি দেয়। তাদের অবৈধ সম্পর্ক মেনে না নিলে মিরাটের সৌরভ রাজপুতের মতো খুন করে দেহ কেটে ১৫ টুকরো করে নীল ড্রামে ভরে দেওয়ার হুমকি দেওয়া হয়।
এই ভয়াবহ হুমকির পর আতঙ্কিত মৌসম পুলিশের দ্বারস্থ হন। তিনি তার স্ত্রী ও তার প্রেমিকের বিরুদ্ধে খুনের হুমকির অভিযোগ এনে মামলা দায়ের করেছেন। ইতিমধ্যেই পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করেছে। মিরাটের নৃশংস খুনের ঘটনার পর গুরুগ্রামের এই ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়ে পড়েছে। পুলিশ অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের চেষ্টা চালাচ্ছে এবং হুমকির আসল কারণ খতিয়ে দেখছে।