“কোথায় গেল সেই নন্দীগ্রামের গুন্ডা?”-শুভেন্দুকে পুরো কড়া ভাষায় আক্রমণ কল্যাণ ব্যানার্জির

রবিবার ছিল রামনবমী। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রামনবমীর দিন ২ হাজার মিছিল এবং ২ কোটি হিন্দু রাস্তায় নামবে বলে যে দাবি করেছিলেন, সেই মন্তব্যের প্রেক্ষিতে এবার সরব হলেন তৃণমূল কংগ্রেসের নেতা ও শ্রীরামপুরের সাংসদ কল্যাণ ব্যানার্জী। নাম না করে বিরোধী দলনেতাকে তীব্র কটাক্ষ করলেন তিনি।
রামনবমীর দিন কল্যাণ ব্যানার্জীকে নিজের সংসদীয় এলাকা শ্রীরামপুরের চাঁপদানিতে দেখা যায়। সেখানে স্থানীয় বিধায়ক অরিন্দম গুঁইন এবং পৌরপ্রধান সুরেশ মিশ্রকে সঙ্গে নিয়ে বিভিন্ন মন্দিরে ঘুরে বেড়ান তিনি এবং পুজো দেন।
মন্দির পরিদর্শনের ফাঁকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কল্যাণ ব্যানার্জী শুভেন্দু অধিকারীর নাম না নিয়ে বলেন, “বিজেপির সেই গুন্ডাটা কই? যে বলেছিল কোটি কোটি লোক নিয়ে হাঁটব। কোথায় গেল সেই গুন্ডাটা? ব্যাটা নন্দীগ্রামের গুন্ডা।”
শুভেন্দুর ‘২ কোটি’ হিন্দুর রাস্তায় নামার দাবি প্রসঙ্গে কল্যাণ ব্যানার্জীর এই আক্রমণাত্মক মন্তব্য রাজনৈতিক মহলে নতুন করে উত্তাপ সৃষ্টি করেছে। কল্যাণ ব্যানার্জীর এই ধরনের আক্রমণাত্মক ভাষা অতীতেও বহুবার বিতর্কের সৃষ্টি করেছে। তবে এবার রামনবমীর মতো একটি ধর্মীয় দিনে শুভেন্দুর মন্তব্যকে কেন্দ্র করে তাঁর এই কটাক্ষ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
উল্লেখ্য, শুভেন্দু অধিকারী রামনবমীর আগে বিভিন্ন জনসভায় দাবি করেছিলেন যে এই বছর রামনবমীতে রাজ্যের রাস্তায় ২ হাজার মিছিল বের হবে এবং সেই মিছিলে প্রায় ২ কোটি হিন্দু অংশগ্রহণ করবে। তবে রবিবার রাজ্যের বিভিন্ন প্রান্তের ছবি সেই দাবির সঙ্গে কতটা সঙ্গতিপূর্ণ ছিল, তা নিয়ে প্রশ্ন উঠছে।
কল্যাণ ব্যানার্জীর এই সরাসরি আক্রমণ এবং ‘নন্দীগ্রামের গুন্ডা’ বলে অভিহিত করা আগামী দিনে তৃণমূল ও বিজেপির মধ্যে রাজনৈতিক সংঘাত আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকরা। এখন দেখার বিষয়, কল্যাণ ব্যানার্জীর এই মন্তব্যের প্রেক্ষিতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কী প্রতিক্রিয়া দেন।