Recipe: ভাতের সাথে মেখে খান ছানার চচ্চড়ি, শিখেনিন বানানোর সেরা পদ্ধতি

বেশ কিছুদিন ধরে ফ্রিজে পড়ে রয়েছে ছানা? বাড়ির কেউ আর খেতে চাইছে না? এত দাম দিয়ে কিনে আনা খাবার ফেলে দিতেও মন চাইছে না নিশ্চয়ই। ডালনা বা পাতুরিও আর মুখে রুচছে না? তাহলে আজ বানিয়ে ফেলুন এমন একটি পদ যা চেটেপুটে খাবে সবাই। আজ আমরা আপনাদের সঙ্গে ভাগ করে নেব গ্রাম বাংলার হারিয়ে যাওয়া এক সুস্বাদু পদ – ছানার চচ্চড়ির সহজ রেসিপি।
উপকরণ:
৪ কাপ ছানা বা পনির
আধ কাপ ধনেপাতা কুচি
আধ কাপ টমেটো কুচি
আধ চা-চামচ হলুদ গুঁড়ো
৩-৪টি কাঁচালঙ্কা (চেরা)
১ চা-চামচ কাঁচালঙ্কা বাটা
স্বাদ অনুযায়ী নুন
১ টেবিল চামচ সাদা সরষে বাটা
১ টেবিল চামচ কালো সরষে বাটা
৩-৪ টেবিল চামচ সরষের তেল
পদ্ধতি:
১. প্রথমে একটি পাত্রে ছানা বা পনিরের টুকরোগুলি নিন।
2. এরপর পনিরের মধ্যে একে একে কাঁচালঙ্কা বাটা, হলুদ গুঁড়ো, চেরা কাঁচালঙ্কা, টমেটো কুচি, সাদা সরষে বাটা, কালো সরষে বাটা এবং নুন যোগ করুন।
3. এরপর ধনেপাতা কুচি এবং সরষের তেল দিয়ে ভালো করে মেখে নিন।
4. ছানা বা পনিরের সঙ্গে মশলা মেশানোর সময় যদি মিশ্রণ খুব শুকনো মনে হয়, তাহলে প্রয়োজনে আধ কাপ জল মেশাতে পারেন।
5. সমস্ত উপকরণ ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর পাত্রটি গ্যাসের উপর বসান। হালকা আঁচে নাড়াচাড়া করতে থাকুন।
6. কড়াইয়ের মুখে ঢাকনা দিয়ে ৭-৮ মিনিট হালকা আঁচে ফুটতে দিন। খেয়াল রাখবেন, আঁচ যেন একেবারে কম থাকে এবং ঝোল যেন শুকিয়ে না যায়।
7. ঢাকনা খুলে ভালোভাবে নাড়াচাড়া করুন। যখন দেখবেন ঝোল মাখো মাখো হয়ে এসেছে, তখন উপর থেকে আরও কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দিন।
8. গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন সুস্বাদু ছানার চচ্চড়ি।
কেমন লাগলো এই হারিয়ে যাওয়া পদটির সহজ রেসিপি? অবশ্যই রান্না করে জানাবেন!