ওয়াকফ আইনকে সমর্থনের ‘শাস্তি’! BJP সংখ্যালঘু নেতার বাড়ি জ্বালিয়ে দিল বিক্ষুব্ধ জনতারা

ওয়াকফ সংশোধনী আইন নিয়ে প্রকাশ্যে সমর্থন জানানোয় বড় মাশুল দিতে হলো মণিপুরের বিজেপি সংখ্যালঘু মোর্চার সভাপতি আশকার আলি মাকাকমায়ুমকে। রবিবার সন্ধ্যেয় থৌবাল জেলার তাঁর বাড়িতে হামলা চালায় একদল উত্তেজিত জনতা। প্রথমে চলে ভাঙচুর, তারপর আগুনে পুড়িয়ে দেওয়া হয় বাড়ির একটি বড় অংশ।

প্রত্যক্ষদর্শীদের দাবি, বিকেলবেলা হঠাৎই স্থানীয় জনতার একাংশ আশকার আলির বাড়িতে চড়াও হন। জানালার কাঁচ ভাঙার পর তারা আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে পুলিশ ও দমকল পৌঁছানোর চেষ্টা করলেও, প্রতিবন্ধকতা তৈরি হয়। পথে বসে বিক্ষোভ দেখান হামলাকারীরা।

এঁদের অধিকাংশই মুসলিম সম্প্রদায়ের বলেই অনুমান। তবে প্রশাসনের পক্ষ থেকে এখনও কোনও নির্দিষ্ট পরিচয় জানানো হয়নি।

জানা গিয়েছে, আশকার আলি সম্প্রতি ওয়াকফ সংশোধনী আইনকে সমর্থন করেছিলেন। শুধু তাই নয়, যারা এই বিলের বিরোধিতা করছেন, তাদের বিরুদ্ধে কিছু উস্কানিমূলক ও বিতর্কিত মন্তব্যও করেন। এর পরই চরম ক্ষোভ ছড়ায় এলাকায়।

এই ঘটনার পর আশকার আলি সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়ে লেখেন,”আমি চাই না এই আইন নিয়ে রাজনীতি হোক। যদি কারও অনুভূতিতে আঘাত লেগে থাকে, আমি দুঃখিত।”

তিনি আরও লেখেন, এই আইনের পুনর্বিবেচনা হোক, এবং বিষয়টি নিয়ে তিনি প্রধানমন্ত্রী মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও সংখ্যালঘু উন্নয়ন মন্ত্রী কিরণ রিজিজুকে ট্যাগ করেন।

ঘটনার পর পুলিশ মামলা দায়ের করেছে। তবে এখনো কোনও অভিযুক্তকে চিহ্নিত বা গ্রেফতার করা যায়নি। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

মতপ্রকাশের অধিকার গণতন্ত্রের মূল স্তম্ভ। কিন্তু সেটা যদি সহিংস প্রতিশোধের রূপ নেয়, তাহলে সমাজে অস্থিরতা তৈরি হতে বাধ্য। মণিপুরের এই ঘটনা ফের সেই প্রশ্নই তুলে দিল— রাজনৈতিক মত নিয়ে কি নিরাপদ থাকা সম্ভব?