OMG! পরিচিত ব্যক্তির গলার স্বর নকল করে প্রতারণা, অ্যাকাউন্ট থেকেই খোয়ালেন ৩৫ হাজার টাকা

ডিজিটাল প্রতারণার ফাঁদ ক্রমশ বিস্তার করছে, নিত্যনতুন কৌশল অবলম্বন করে প্রতারকরা সাধারণ মানুষকে ঠকাচ্ছে। ‘ডিজিটাল অ্যারেস্ট’-এর মতো ঘটনার পর এবার বারাসতের বাসিন্দা রাধেশ্যাম কর্মকার এক নতুন ধরনের প্রতারণার শিকার হলেন। নিজের অ্যাকাউন্ট থেকেই তিনি খোয়ালেন ৩৫ হাজার টাকা।

রাধেশ্যাম কর্মকারের অভিযোগ অনুযায়ী, গত ৩ এপ্রিল তাঁর মোবাইল ফোনে একটি মেসেজ আসে। সেই মেসেজে উল্লেখ করা হয়, তাঁর অ্যাকাউন্টে মোট ৩৫ হাজার টাকা জমা হয়েছে। এর কিছুক্ষণ পরেই তিনি এক পরিচিত ব্যক্তির কণ্ঠস্বর নকল করে একটি ফোন পান। ফোনের ওপারে থাকা ব্যক্তি দাবি করেন, একটি দুর্ঘটনার কারণে তার জরুরি ভিত্তিতে টাকার প্রয়োজন। রাধেশ্যাম কর্মকারের অ্যাকাউন্টে জমা হওয়া ৩৫ হাজার টাকা থেকে প্রথমে কুড়ি হাজার এবং পরবর্তীতে আরও পনেরো হাজার টাকা একটি নির্দিষ্ট নম্বরে পাঠানোর অনুরোধ করা হয়।

সাধারণত জরুরি পরিস্থিতিতে মানুষ যেভাবে দ্রুত সাহায্য করতে এগিয়ে আসেন, রাধেশ্যামও তেমনটাই করেন। মোবাইলে ৩৫ হাজার টাকা জমা হওয়ার ভুয়ো মেসেজ দেখে তিনি আশ্বস্ত হন এবং ফোনের ওপারে থাকা ব্যক্তির দেওয়া নম্বরে টাকা পাঠাতে শুরু করেন। প্রথমে ২০ হাজার এবং পরে আরও ১৫ হাজার মিলিয়ে মোট ৩৫ হাজার টাকা তিনি সেই নির্দিষ্ট নম্বরে পাঠিয়ে দেন।

কিছুক্ষণ পরেই রাধেশ্যামের সন্দেহ হয়। তিনি সঙ্গে সঙ্গে নিজের ব্যাঙ্ক অ্যাকাউন্টের ব্যালেন্স পরীক্ষা করতে গিয়ে দেখেন, মেসেজ এলেও আসলে তাঁর অ্যাকাউন্টে কোনও টাকা জমা হয়নি। বরং তাঁর সঞ্চিত টাকা থেকেই ৩৫ হাজার টাকা গায়েব হয়ে গিয়েছে। এর পরেই তিনি বুঝতে পারেন যে তিনি প্রতারণার শিকার হয়েছেন এবং দ্রুত বারাসত থানার দ্বারস্থ হন।

বারাসত থানার এক পুলিশ আধিকারিক জানিয়েছেন, একজন ব্যক্তির প্রতারণার অভিযোগ নথিভুক্ত করা হয়েছে। কোন নম্বর থেকে ফোন এসেছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার তদন্তের জন্য সাইবার সেলের সাহায্য নেওয়া হচ্ছে। রাধেশ্যাম কর্মকার বলেন, “এভাবে একজনের উপকার করতে গিয়ে যে প্রতারণার শিকার হব, তা বুঝতে পারিনি। আমি এখন পুলিশের উপর ভরসা রাখছি।”

এই ঘটনা আবারও প্রমাণ করে যে প্রতারকরা প্রতিনিয়ত নতুন নতুন কৌশল অবলম্বন করছে। সামান্য অসাবধানতা বা তাড়াহুড়োর সুযোগ নিয়ে তারা সাধারণ মানুষের কষ্টার্জিত অর্থ হাতিয়ে নিচ্ছে। পুলিশ প্রশাসন এই ধরনের প্রতারণা রুখতে নাগরিকদের সচেতন থাকার এবং কোনও সন্দেহজনক মেসেজ বা ফোন কলের বিষয়ে দ্রুত থানায় অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছে।