লখনৌয়ের বিরুদ্ধে নেই রোহিত শর্মা, মুম্বই শিবিরে চাঞ্চল্য, কি বললেন অধিনায়ক হার্দিক?

লখনৌ সুপার জায়ান্টসের বিরুদ্ধে আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে মুম্বই ইন্ডিয়ান্সের প্রথম একাদশে নেই দলের অভিজ্ঞ ওপেনার রোহিত শর্মা। শুধু প্রথম একাদশ নয়, ইমপ্যাক্ট প্লেয়ারের তালিকাতেও তাঁর নাম নেই। টসের সময় মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া রোহিতের না খেলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানিয়েছেন, অনুশীলনের সময় হাঁটুতে চোট পেয়েছেন রোহিত শর্মা, সেই কারণেই আজকের ম্যাচে তিনি মাঠের বাইরে।
আজ আইপিএলের ১৬তম ম্যাচে টস জিতে লখনৌ সুপার জায়ান্টসকে প্রথমে ব্যাটিং করার আমন্ত্রণ জানিয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের অধিনায়ক হার্দিক পাণ্ডিয়া।
চলতি মরসুমে এই নিয়ে চতুর্থ ম্যাচ খেলতে নামছে মুম্বই ইন্ডিয়ান্স। এর আগে খেলা তিনটি ম্যাচে ওপেনার হিসেবে রোহিত শর্মা তেমনভাবে নজর কাড়তে পারেননি। এমনকি শেষ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতেও তাঁর ব্যাট শান্ত ছিল। টুর্নামেন্টে পাঁচটি ম্যাচ খেলে তিনি মাত্র ১৮০ রান করেছিলেন। যদিও দল চ্যাম্পিয়ন হওয়ায় রোহিতের ব্যক্তিগত রান না পাওয়ার বিষয়টি চাপা পড়ে যায় এবং তাঁর ফর্ম নিয়েও তেমন আলোচনা হয়নি।
আজকের ম্যাচে রোহিতের খেলা নিয়ে সকাল থেকেই ধোঁয়াশা ছিল। ম্যাচের আগের দিন অনুশীলনে রোহিত শর্মা হাঁটুতে চোট পান। হার্দিক পাণ্ডিয়া টসের সময় চোটের কথা বললেও ক্রিকেট মহলে গুঞ্জন চলছে, তাহলে কি রোহিতকে বিশ্রাম দেওয়া হল নাকি চোট গুরুতর? এই প্রশ্নও উঠছে।
অন্যদিকে, লখনৌ সুপার জায়ান্টসের অধিনায়ক ঋষভ পান্তও প্রবল চাপের মধ্যে রয়েছেন। ব্যাট হাতে তিনি রান পাচ্ছেন না এবং দলও তিন ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে। অধিনায়ক এবং ব্যাটার উভয় ভূমিকাতেই তিনি অস্বস্তিতে ভুগছেন। তবে লখনৌ শিবিরে সামান্য স্বস্তি ফিরেছে পেসার আকাশ দীপের অন্তর্ভূক্তিতে। এই ম্যাচে লখনৌ জার্সিতে অভিষেক হচ্ছে তাঁর।
লখনৌ সুপার জায়ান্টস একাদশ: এইডেন মার্কব়্যাম, মিচেল মার্শ, নিকোলাস পুরান, ঋষভ পান্ত (অধিনায়ক ও উইকেটকিপার), আয়ুষ বাদোনি, ডেভিড মিলার, আব্দুল সামাদ, শার্দুল ঠাকুর, দিগ্বেশ রাঠি, আকাশ দীপ, আবেশ খান।
ইমপ্যাক্ট সাব: রবি বিষ্ণোই, প্রিন্স যাদব, শাহবাজ আহমেদ, মনিরমন সিদ্ধার্থ, আকাশ সিং।
মুম্বই ইন্ডিয়ান্সের একাদশ: উইল জ্যাকস, রায়ান রিকেলটন (উইকেটকিপার), সূর্যকুমার যাদব, রাজ অঙ্গদ বাওয়া, হার্দিক পান্ডিয়া (অধিনায়ক), নমন ধির, মিচেল স্যান্টনার, দীপক চাহার, ট্রেন্ট বোল্ট, অশ্বিনী কুমার, বিগ্নেশ পুথুর।
ইমপ্যাক্ট সাব: তিলক ভার্মা, করবিন বশ, রবিন মিঞ্জ, সত্যনারায়ণ রাজু, করণ শর্মা।
রোহিত শর্মার মতো অভিজ্ঞ ব্যাটসম্যানের অভাব আজ মুম্বই ইন্ডিয়ান্সের ব্যাটিং লাইনআপে কতটা প্রভাব ফেলে, সেটাই এখন দেখার।