‘লাথি মেরে এই সরকারকে বাতিল করা হোক’, রাজ্য সরকারের বিরুদ্ধে ক্ষোভ উগরে যা বললেন সুজন চক্রবর্তী?

কলকাতা হাইকোর্টের রায়কে মান্যতা দিয়ে ২০১৬ সালের এসএসসি (SSC) নিয়োগের পুরো প্যানেল বাতিল করল সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি সঞ্জয় কুমারের বেঞ্চের এই রায়ের ফলে বাতিল হয়েছে ২৫ হাজার ৭৫৩ জনের চাকরি। তবে, সুপ্রিম কোর্ট জানিয়েছে, ২০১৬ সালের এসএসসির মাধ্যমে স্কুলে যোগ দেওয়া যে সকল কর্মীরা পূর্বে অন্য সরকারি চাকরি ছেড়ে এসেছিলেন, তাঁরা চাইলে তাঁদের পুরনো কর্মস্থলে ফিরে যেতে পারবেন।

এই পরিস্থিতিতে বৃহস্পতিবার শাসক দলের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করলেন সিপিএমের (CPIM) কেন্দ্রীয় কমিটির সদস্য এবং প্রাক্তন বিধায়ক সুজন চক্রবর্তী। তিনি এই রায় প্রসঙ্গে বলেন, “এটা খুবই অস্বস্তির ব্যাপার। পশ্চিমবঙ্গে ২০১৬ সালের এসএসসির নিয়োজিত প্রায় ২৬ হাজার চাকরি বাতিল করেছে সুপ্রিম কোর্ট। এই অর্ডার হাইকোর্ট দিয়েছিল। হাইকোর্টের রায় সুপ্রিম কোর্ট কার্যত মান্যতা দিয়ে বলল, এটি এমন ধরনের অপরাধ হয়েছে এবং গোটা নিয়োগ প্রক্রিয়াকে যেভাবে কলুষিত করা হয়েছে, যা রিপেয়ার করার মতো কোনো সুযোগ নেই।”

সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে সুজন চক্রবর্তী আরও বলেন, “রাজ্য সরকার এক বছর সময় পেয়েছিল, কারা যোগ্য এবং কারা অযোগ্য তা স্পষ্ট করতে। এক বছর হয়ে গেল রাজ্য সরকার স্পষ্ট করতে পারল না কারা যোগ্য এবং কারা অযোগ্য, কত টাকা খেয়েছে। হাজার হাজার ছেলেমেয়েদের জীবন ধ্বংস করছে কেন?”

Also Read SSC Case: “আমাদের তো আত্মহত্যা করে নিতে বলতে পারত!”, সুপ্রিম রায় শুনে হাহাকার চাকরিহারাদের

তিনি ক্ষোভের সঙ্গে বলেন, “কিছু অযোগ্য-অপদার্থ যাদের টাকা দিয়ে চাকরিতে ঢুকিয়েছে রাজ্য সরকার এবং শাসক দল তাদেরকে রক্ষা করতে, যারা যোগ্য তাদেরকে খারিজ করতে হলো। সরকার দাঁড়িয়েছে অযোগ্যদের পাশে! সরকার যোগ্যদের পাশে দাঁড়ালো না। সরকারের অপদার্থতার জন্য এই সমস্ত চাকরিজীবীরা বাতিল হয়ে গেল। আজ সুপ্রিম কোর্টে আমাদের রাজ্যের মুখ পুড়লো শুধু নয়, আমাদের ছেলেমেয়েগুলোর কি হবে! যে সরকারের অপদার্থতায় এবং দুর্নীতির ভয়াবহতায় কার্যকর যোগ্য ছেলেমেয়েদের চাকরি চলে গেল, লাথি মেরে এই সরকারকে বাতিল করে দেওয়া হোক।”

চাকরিজীবীদের টাকা ফেরত দেওয়ার নির্দেশ প্রসঙ্গে তিনি বলেন, “এই ঘটনা ভয়াবহ”। এর পাশাপাশি তিনি হাইকোর্টের পূর্বের একটি নির্দেশের কথা উল্লেখ করে বলেন, “হাইকোর্ট বলেছিল মন্ত্রিসভার যারা এই অপরাধের সঙ্গে যুক্ত আছে, তাদেরকে সিবিআই হেফাজতে নিয়ে প্রয়োজনে তদন্ত করুক। সেটাই জরুরী ছিল। কিন্তু সুপ্রিম কোর্ট সেই বিষয়ে কিছুই জানায়নি।”

Recommended For You SSC Case: গোটা নিয়োগ প্রক্রিয়ায় “জালিয়াতি”! SSC মামলার রায়ে ঠিক কী কী নির্দেশ সুপ্রিম কোর্টের?

সুজন চক্রবর্তী আরও বলেন, “যারা টাকা খেয়েছে তারা মন্ত্রীর দফতরে বসে থাকবে, টাকার পাহাড় করবে। তারা ছাড় পাবে। আর যারা যোগ্য প্রার্থী তারা বাতিল হবে, তা কখনওই হতে পারে না। যোগ্য প্রার্থীদের বহাল রাখার বিকল্প কী ব্যবস্থা হবে, তা খুঁজে বার করতে হবে। দুর্ভাগ্য আমাদের গোটা রাজ্যকে কোথায় নিয়ে গেছে এই সরকার।”

প্রসঙ্গত, সুপ্রিম কোর্টের ঘোষিত রায় অনুযায়ী, যোগ্য ও অযোগ্য প্রার্থীদের আলাদাভাবে বাছাই করা সম্ভব হয়নি। ২০১৬ সালের এসএসসি-র মাধ্যমে যাঁরা চাকরি করছিলেন, তাঁরা নতুন নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আবেদন করতে পারবেন। আদালত ফেব্রুয়ারিতে এই মামলার শুনানি শেষ করে রায় ঘোষণা স্থগিত রেখেছিল। বুধবার জানানো হয়, বৃহস্পতিবার সকাল সাড়ে দশটায় প্রধান বিচারপতির বেঞ্চ এই মামলার রায় ঘোষণা করবে এবং সেই সময়সীমা মেনেই এই রায় ঘোষিত হল।