৮ মাসের দুধের শিশুকে মাটিতে আছাড় মেরে খুনের অভিযোগ”, আটক বাবা!

দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানার বড় কানাইগাছি এলাকায় এক মর্মান্তিক ঘটনা ঘটেছে। নিজের আট মাসের দুধের শিশু সন্তানকে মাটিতে আছাড় দিয়ে মেরে ফেলার অভিযোগে আটক করা হয়েছে বাবা খোকন খানকে। মৃত শিশুর নাম রাকিবুল খান।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বড় কানাইগাছি এলাকার বাসিন্দা খোকন খানের পরিবারে শিশু সন্তান হওয়ার পর থেকেই স্বামী-স্ত্রীর মধ্যে প্রায়শই ঝামেলা লেগে থাকত। শিশু রাকিবুলকে নিয়ে তাদের মধ্যে প্রায়শই অশান্তি হত বলে জানা যায়।
আরও পড়ুনঃ গরমে ছোটদের স্কুলের সময়সীমা বদল চায় ৯ জেলা! কবে থেকে শুরু মর্নিং স্কুল? জানাল পর্ষদ সভাপতি
গত বুধবার ঈদ উপলক্ষে এলাকায় একটি অনুষ্ঠান চলছিল। সেই সময় বাড়িতে ছোট্ট রাকিবুল কান্নাকাটি করছিল। অভিযোগ, তখনই বাবা খোকন খান রাকিবুলকে নিয়ে বাইরে যান। বেশ কিছুক্ষণ পর তিনি নিথর অবস্থায় সন্তানকে বাড়িতে নিয়ে আসেন। পরিবারের সদস্যরা দেখেন, শিশুটির মাথায় আঘাতের চিহ্ন রয়েছে এবং তার কোনো সাড়াশব্দ নেই। তড়িঘড়ি রাকিবুলকে ডায়মন্ড হারবার গভঃ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে, চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন।
আরও পড়ুনঃ কালবৈশাখী-শিলাবৃষ্টির তাণ্ডব দক্ষিণের ২ জেলায়! ৫০ কিমি গতিতে ঝোড়ো হাওয়া! ভয়ঙ্কর বজ্রপাতে ফালা ফালা আকাশ
এই মর্মান্তিক ঘটনায় অভিযুক্ত বাবা খোকন খানকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে ডায়মন্ড হারবার থানার পুলিশ। নিজের দুধের শিশুকে এভাবে মেরে ফেলার ঘটনায় স্তম্ভিত হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা।
অন্যদিকে, মৃত শিশু রাকিবুলের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ডায়মন্ড হারবার থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। এই নৃশংস ঘটনার পেছনের আসল কারণ খতিয়ে দেখছে পুলিশ।