“পরপর ৪ গাড়ির ধাক্কা”-সল্টলেকের অফিস পাড়ায় বড় দুর্ঘটনা, আহত বেশ কয়েকজন

বুধবার সকালে অফিস টাইমে সল্টলেক সেক্টর ফাইভে পরপর চারটি গাড়ির ধাক্কা লাগার ঘটনা ঘটেছে। সেক্টর ফাইভের এভিরা মোড়ে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনায় বেশ কয়েকজন যাত্রী আহত হয়েছেন।

জানা গিয়েছে, বুধবার সকালে সল্টলেকের দিক থেকে নিউটাউনের দিকে যাওয়ার সময় একটি দ্রুতগতির চারচাকা গাড়ি প্রথমে অন্য একটি গাড়িকে ধাক্কা মারে। এর জের ধরে পিছনের গাড়িগুলিও একে একে সামনের গাড়িতে ধাক্কা মারে। এই সংঘর্ষে মোট চারটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয় এবং গাড়িগুলির চালক-সহ কয়েকজন যাত্রী অল্পবিস্তর আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় নবদিগন্ত ট্রাফিক গার্ডের পুলিশ এবং বিধাননগর ইলেকট্রনিক্স থানার পুলিশ। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। সূত্রের খবর, প্রাথমিক চিকিৎসার পর আহত সকলকেই ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত গাড়িগুলিকে আটক করেছে এবং চালকদের জিজ্ঞাসাবাদ করছে।

উল্লেখ্য, গত মাসেই বালির নিবেদিতা সেতুতে ভোররাতে এক মর্মান্তিক দুর্ঘটনায় চারজনের মৃত্যু হয়েছিল। একটি মালবাহী গাড়ির মাথা থেকে ছিটকে পড়ে তাঁদের মৃত্যু হয়। তার আগে দোলের দিন নদিয়ার চাপড়ায় টোটো ও চারচাকা গাড়ির সংঘর্ষে সাতজনের প্রাণহানি ঘটেছিল।

সেক্টর ফাইভের আজকের এই দুর্ঘটনায় হতাহতের সংখ্যা বেশি না হলেও, পর পর কয়েকটি গাড়ির ধাক্কা লাগার ঘটনায় এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে।