চারু মার্কেটে পরিচারক খুনের ঘটনা: এক্সট্রা ইনকাম করতে সমকামী সম্পর্কে নেশা, বিস্তারে পড়ুন ঘটনাটি

কলকাতার চারু মার্কেটের একটি আবাসনে পরিচারক খুনের ঘটনায় প্রকাশ্যে এলো আরও চাঞ্চল্যকর তথ্য। পার্ক স্ট্রিটের এক নামজাদা হোটেলের প্রাক্তন ওয়েটার তথা এই খুনের প্রধান অভিযুক্ত সাদ্দাম আলম আসলে সমকামী। পুলিশি তদন্তে উঠে এসেছে, সমকামীতা নিয়ে এক বন্ধুর সঙ্গে ভাগের টাকা নিয়ে বচসা হওয়ার জেরেই আবাসনের পরিচারক অবিনাশ বাউরিকে নৃশংসভাবে কুপিয়ে খুন করে সাদ্দাম।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত সাদ্দাম আলমের স্ত্রী থাকা সত্ত্বেও সে বাড়তি রোজগারের জন্য সমকামীতাকে পেশা হিসেবে বেছে নিয়েছিল। সপ্তাহান্তে অতিরিক্ত অর্থ উপার্জনের জন্য সে সমকামী সম্পর্ক স্থাপন করত। এমনকি সাদ্দামের এই গোপন কার্যকলাপের বিষয়ে তার স্ত্রী বিন্দুুমাত্রও অবগত ছিলেন না। জেরায় ধৃত সাদ্দাম এই ধরনের চাঞ্চল্যকর তথ্য পুলিশের কাছে জানিয়েছে।
উল্লেখ্য, গত শনিবার চারু মার্কেটের একটি আবাসনের একটি ফ্ল্যাট থেকে ওই আবাসনেরই পরিচারক অবিনাশ বাউরির রক্তাক্ত দেহ উদ্ধার হয়। দেহ উদ্ধারের পরই পুলিশ অভিযুক্তের সন্ধানে তল্লাশি শুরু করে। চারু মার্কেট থানার পুলিশের সঙ্গে লালবাজারের গোয়েন্দারা যৌথভাবে অভিযুক্ত সাদ্দামের নাগাল পেতে তদন্ত চালায়।
অন্যদিকে, ওই আবাসনের নিরাপত্তারক্ষীর বয়ানও তদন্তে গুরুত্বপূর্ণ ভূমিকা নেয়। পুলিশ সূত্রে খবর, ঘটনার দিন অর্থাৎ শনিবার অবিনাশ সাদ্দামকে সঙ্গে নিয়ে আবাসনে প্রবেশ করে। কিন্তু কিছুক্ষণ পর সাদ্দাম একাই ফ্ল্যাট থেকে বেরিয়ে যাওয়ায় নিরাপত্তারক্ষীর সন্দেহ হয়। তিনিই পুলিশকে খবর দেন এবং পরে ফ্ল্যাটের দরজা ভেঙে অবিনাশের মৃতদেহ উদ্ধার করা হয়।
পুলিশ আরও জানিয়েছে, ওই নিরাপত্তারক্ষীর কাছ থেকেই সাদ্দামের চেহারার বিবরণ পান লালবাজারের গোয়েন্দারা। এরপরই তদন্তে উঠে আসে একের পর এক চাঞ্চল্যকর তথ্য। জানা গিয়েছে, সমকামী সম্পর্কের জন্য সাদ্দামের ডেটিং অ্যাপে অ্যাকাউন্ট থাকলেও অবিনাশের কোনও অ্যাকাউন্ট ছিল না। অন্য এক বন্ধুর মাধ্যমে অবিনাশ ডেটিং অ্যাপে তার চাহিদার কথা জানায়। সেই সূত্র ধরে দর কষাকষির পর সাদ্দামের সঙ্গে পাঁচ হাজার টাকায় রফা হয় অবিনাশের। এরপর ফ্ল্যাটের মালিকের অনুপস্থিতির সুযোগে অবিনাশ সাদ্দামকে ফ্ল্যাটে ডেকে নেয়। তাদের মধ্যে সম্পর্ক স্থাপনের পরই শুরু হয় আসল বিবাদ।
পুলিশের তদন্তে জানা গেছে, প্রথমে পাঁচ হাজার টাকা দিতে রাজি ছিল না অবিনাশ। সে সাদ্দামকে গাড়ি ভাড়া বাবদ কিছু টাকা দিয়ে বাকি টাকা পরে দেবে বলে জানায়। অভিযোগ, এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে সাদ্দাম। রান্নাঘর থেকে একটি ছুরি এনে অবিনাশকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে সে। ঘটনাস্থলেই মৃত্যু হয় অবিনাশের।
খুনের পর সাদ্দাম তার পুরনো সিম কার্ড ফেলে দিয়ে একটি নতুন সিম ব্যবহার করতে শুরু করে। কিন্তু শেষ পর্যন্ত পুলিশের হাত থেকে সে রেহাই পায়নি। পুরনো ফোন নম্বরের সূত্র ধরেই দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের মল্লিকপাড়া থেকে অভিযুক্ত সাদ্দাম আলমকে গ্রেফতার করে পুলিশ। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে এই নৃশংস হত্যাকাণ্ডের আরও গভীরে প্রবেশ করতে চাইছে তদন্তকারীরা।