নতুন অর্থবর্ষের শুরুতেই দাম বাড়ল পেট্রোল-ডিজেলের! কর বৃদ্ধি নিয়ে বিভিন্ন মহলে প্রতিবাদ শুরু

নতুন আর্থিক বছরের শুরুতেই সাধারণ মানুষের জন্য দুঃসংবাদ। কর্ণাটকে বাড়ানো হল পেট্রোল ও ডিজেলের দাম। রাজ্য সরকারের পক্ষ থেকে কর বৃদ্ধির কারণেই এই মূল্যবৃদ্ধি হয়েছে বলে জানানো হয়েছে।

কর্ণাটক সরকার মঙ্গলবার থেকে ডিজেলের উপর বিক্রয় কর বাড়িয়ে ২১.১৭ শতাংশ করেছে। এর ফলে রাজ্যে প্রতি লিটার ডিজেলের দাম ২ টাকা বেড়ে হয়েছে ৯১.০২ টাকা। রাজ্য সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, “যোগ্য কর্তৃপক্ষের অনুমোদনের পর, ১ এপ্রিল, ২০২৫ থেকে ডিজেলে বিক্রয় করের হার ২১.১৭ শতাংশ করা হয়েছে।”

কেন্দ্রীয় মন্ত্রী এইচডি কুমারস্বামী রাজ্য সরকারের এই সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানিয়েছেন। তিনি বলেন, ২০২১ সালের ৪ নভেম্বরের আগে কর্ণাটকে ডিজেলের বিক্রয় করের হার ২৪ শতাংশ ছিল এবং সেই সময় দাম ছিল ৯২.০৩ টাকা। গত বছর ১৫ জুন কর্ণাটক সরকার ডিজেলের করের হার কমিয়ে ১৮.৪৪ শতাংশ করার বিজ্ঞপ্তি জারি করেছিল।

উল্লেখ্য, দাম বাড়ার পরেও কর্ণাটকে প্রতিবেশী রাজ্যগুলির তুলনায় জ্বালানির দাম এখনও কিছুটা কম রয়েছে। উদাহরণস্বরূপ, তামিলনাড়ুর হোসুরে ডিজেলের দাম ৯৪.৪২ টাকা, কেরালার কাসারগোড়ে ৯৫.৬৬ টাকা, অন্ধ্র প্রদেশের অনন্তপুরে ৯৭.৩৫ টাকা, তেলেঙ্গানার হায়দ্রাবাদে ৯৫.৭০ টাকা এবং মহারাষ্ট্রের কাগলে ৯১.০৭ টাকা প্রতি লিটার।

রাজ্য সরকার কর্তৃক ডিজেলে কর বৃদ্ধির বিরুদ্ধে ইতিমধ্যেই বিভিন্ন মহলে প্রতিবাদ শুরু হয়েছে। এএনআই সূত্রে খবর, কেন্দ্রীয় মন্ত্রী এইচডি কুমারস্বামী রাজ্য সরকারকে “মূল্য বৃদ্ধি দানব” আখ্যা দিয়েছেন।

অন্যদিকে, জম্মু ও কাশ্মীর সরকারও ১ এপ্রিল থেকে পেট্রোল ও ডিজেল উভয়ের দাম বাড়িয়েছে। এটিএফ এবং প্রাকৃতিক গ্যাসের উপরও কর বৃদ্ধি করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তের ফলে জম্মুতে পেট্রোলের দাম ০.৭৯ টাকা বেড়ে ৯৬.৪৯ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ১.৮০ টাকা বেড়ে ৮৩.৩৩ টাকা হয়েছে। শ্রীনগরে পেট্রোলের দাম ১.২৫ টাকা বেড়ে ১০০.৮৮ টাকা প্রতি লিটার এবং ডিজেলের দাম ২.১৪ টাকা বেড়ে ৮৬.৯৬ টাকা প্রতি লিটার হয়েছে।

জ্বালানির দাম বৃদ্ধির এই পরিস্থিতিতে সাধারণ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার খরচ আরও বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে।