Recipe: কাসুন্দি মিশিয়ে বানিয়ে ফেলুন চিকেন কষা, খেতে পারবেন ভাত ও রুটির সাথে, শিখেনিন রান্না

আর সেই একঘেয়ে চিকেনের ঝোল নয়, বরং গরম ভাতের সঙ্গে মাংস কষা পেলে মন ভরে যায়। আর সেই মাংস কষাতে যদি মেশানো যায় বাঙালির প্রিয় কাসুন্দি, তাহলে কেমন হবে বলুন তো? কষা মাংসের চিরাচরিত স্বাদে আনুন নতুনত্ব, বানিয়ে ফেলুন সুস্বাদু কাসুন্দি চিকেন।
কাসুন্দি চিকেন তৈরির উপকরণ:
- ১ কেজি চিকেন
- ১ কাপ কালো ও সাদা সর্ষের বাটা
- ১ কাপ টক দই
- ১ কাপ পেঁয়াজ বাটা
- ১ টেবিল চামচ কাঁচা লঙ্কা বাটা
- ২ টেবিল চামচ আদা বাটা
- ২ টেবিল চামচ রসুন বাটা
- ১ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো
- ২ টেবিল চামচ হলুদ গুঁড়ো
- ১ টেবিল চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো
- ৩ টেবিল চামচ কাসুন্দি
- ৫ টা গোটা কাঁচা লঙ্কা
- ১ টেবিল চামচ কালো জিরে
- পরিমাণমতো সর্ষের তেল
- স্বাদ অনুযায়ী নুন
কাসুন্দি চিকেন তৈরির পদ্ধতি:
১. প্রথমেই চিকেন ভালো করে ধুয়ে নিন। এরপর একটি পাত্রে টক দই, নুন, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, আদা বাটা, রসুন বাটা, গোলমরিচের গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং অল্প সর্ষের তেল দিয়ে মাংস ভালোভাবে মেখে নিন। মাংস ম্যারিনেট করা থাকলে রান্না তাড়াতাড়ি হয়।
২. চিকেন অন্তত ৩০ মিনিট থেকে ১ ঘণ্টা ম্যারিনেট করে রাখুন। হাতে সময় কম থাকলে ১৫ মিনিটও ম্যারিনেট করতে পারেন।
৩. কড়াইতে পরিমাণমতো সর্ষের তেল গরম করুন। তেল গরম হলে তাতে কালো জিরে ও গোটা কাঁচা লঙ্কা ফোড়ন দিন।
৪. এরপর কড়াইতে পেঁয়াজ বাটা দিয়ে দিন। পেঁয়াজের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভালোভাবে ভেজে নিন।
৫. পেঁয়াজ ভাজা হয়ে গেলে তাতে হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবং কাসুন্দি মিশিয়ে দিন। মশলা কিছুক্ষণ কষিয়ে নিন।
৬. কষানো মশলার মধ্যে ম্যারিনেট করা মাংস দিয়ে ভালোভাবে মিশিয়ে নিন। মাংস দেওয়ার পর কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করুন। চাইলে ১৫ মিনিটের জন্য ঢাকা দিয়েও রাখতে পারেন।
৭. কিছুক্ষণ পর দেখবেন মাংস থেকে তেল ছাড়তে শুরু করেছে। এর অর্থ মাংস ভালোভাবে কষা হয়ে গিয়েছে।
৮. এবার কড়াইতে অল্প জল মিশিয়ে দিন এবং মিনিট পাঁচেকের জন্য ঢাকা দিয়ে রান্না করুন।
৯. পাঁচ মিনিট পর ঢাকা সরিয়ে দেখে নিন মাংস সেদ্ধ হয়েছে কিনা। মাংস সেদ্ধ হয়ে গেলে উপর থেকে ৩-৪ চামচ কাঁচা সর্ষের তেল ছড়িয়ে দিন।
১০. তৈরি হয়ে গেল সুস্বাদু কাসুন্দি চিকেন। গরম ভাত অথবা পোলাওয়ের সঙ্গে পরিবেশন করুন এই জিভে জল আনা পদ।