“সেটাই আমার পরবর্তী বড় পদক্ষেপ”-২০২৭ বিশ্বকাপে খেলার ইঙ্গিত দিলেন বিরাট কোহলি

সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তোলার পর সংক্ষিপ্ত ফরম্যাটের ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন বিরাট কোহলি। কিছুদিন আগে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর ওয়ানডে থেকেও তার অবসর নিয়ে জল্পনা তৈরি হয়েছিল। যদিও তিনি আনুষ্ঠানিকভাবে কোনো ঘোষণা করেননি। তবে এবার অবসর প্রসঙ্গে ইঙ্গিত দিলেন এই তারকা ব্যাটসম্যান। সাদা বলের ক্রিকেটে ভারতীয় জার্সিতে তার পরবর্তী লক্ষ্য স্পষ্ট করে জানালেন কোহলি।
আইপিএলের মাঝেই একটি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন কোহলি। সেখানে তাকে প্রশ্ন করা হয়, তার পরবর্তী বড় পদক্ষেপ কী হতে চলেছে? জবাবে কোহলি বলেন, ‘পরের এক দিনের বিশ্বকাপ জেতার চেষ্টা করব। সেটাই আমার পরবর্তী বড় পদক্ষেপ।’ কোহলির এই কথা শুনে উপস্থিত দর্শকরা করতালি দিয়ে তাকে উৎসাহিত করেন।
ভারত ২০১১ সালের পর আর ওয়ানডে বিশ্বকাপ জেতেনি। মাঝে ২০১৫ ও ২০১৯ সালে সেমিফাইনালে এবং ২০২৩ সালে ঘরের মাটিতে ফাইনালে উঠেও অস্ট্রেলিয়ার কাছে পরাজিত হতে হয়েছে টিম ইন্ডিয়াকে। সেই হারের ধাক্কা সামলাতে পরের দুই বছরে দুটি আইসিসি ট্রফি হয়তো কিছুটা হলেও সাহায্য করেছে।
২০১১ সালে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বে যে ভারতীয় দল বিশ্বকাপ জিতেছিল, সেই দলের একমাত্র সদস্য হিসেবে এখনও ওয়ানডে ক্রিকেট খেলে যাচ্ছেন বিরাট কোহলি। প্রথম ভারতীয় হিসেবে দুটি ওয়ানডে বিশ্বকাপ জেতার লক্ষ্য এখন তার প্রধান অনুপ্রেরণা। ২০২৭ সালে দক্ষিণ আফ্রিকা, জিম্বাবুয়ে ও নামিবিয়ায় অনুষ্ঠিত হবে পরবর্তী ওয়ানডে বিশ্বকাপ। সেই সময় কোহলির বয়স হবে ৩৮ বছর। তবে তার বর্তমান ফিটনেস লেভেল বিবেচনায় নিলে এই বয়সেও খেলা চালিয়ে যাওয়া তার জন্য খুব একটা কঠিন হওয়ার কথা নয়। সেই বিশ্বকাপ জয়ের লক্ষ্য নিয়েই এখন থেকে নিজেকে প্রস্তুত করছেন বিরাট কোহলি।