পাথরপ্রতিমা বিস্ফোরণের প্রতিক্রিয়ায় নয়া মন্তব্য দিলীপের! “NIA-তদন্তের বড় দাবি

পাথরপ্রতিমার বাজি কারখানায় ভয়াবহ বোমা বিস্ফোরণে উৎসবের আনন্দ এক নিমেষে মিইয়ে গেছে। ইতিমধ্যেই এই ঘটনায় রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলেছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি এনআইএ (NIA) তদন্তের দাবী জানিয়েছেন এবং এবার সেই একই দাবিতে সরব হলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ।

গতকাল পাথরপ্রতিমায় ঘটে যাওয়া এই বিস্ফোরণে মৃত্যু হয়েছে ৮ জনের। বাজি কারখানার দুই মালিকের বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হয়েছে। সুকান্ত মজুমদারের পর, দিলীপ ঘোষও রাজ্য সরকারের প্রতি তীব্র আক্রমণ শানিয়েছেন। তিনি দাবি করেছেন, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের জন্য এনআইএকে এগিয়ে আসা উচিত।

দিলীপ ঘোষ বলেন, “আমরা দাবি করছি এনআইএ হোক। কারণ এই সরকার চায় না।” তিনি আরও বলেন, “ওরা চায় এই ধরনের ঘটনা ঘটুক। মানুষের মনে আতঙ্ক তৈরি হোক। ভোটের আগে এরকম ভয়ের পরিবেশ তৈরি হোক। ভোটারদের প্রভাবিত করে। কেউ যেন আতঙ্কে বাড়ি থেকে না বের হয়।” এই ঘটনার পর, তিনি রাজ্য সরকারকে কাঠগড়ায় তুলে আরও বলেন, “রাজ্যে শান্তিতে থাকার দিন শেষ হয়ে গিয়েছে। আমরা কেন্দ্রীয় এজেন্সির হস্তক্ষেপ চাইছি।”

পাথরপ্রতিমার বিস্ফোরণকে কেন্দ্র করে দিলীপ ঘোষ আরও একটি বড় প্রশ্ন তুলেছেন। তিনি বলেন, “পাথরপ্রতিমার মতো প্রত্যন্ত এলাকায় কেন এই ধরনের বাজি কারখানা রয়েছে? বাজবজ বা অন্যন্য এলাকায় তো বাজি ঘরে ঘরে তৈরি হয়, সেখানে এরকম ঘটনা কম ঘটে। কিন্তু এইসব প্রত্যন্ত এলাকায় কেন এরকম ঘটনা ঘটে?” তাঁর এই মন্তব্য প্রশ্ন তুলে দিচ্ছে, কি কারণে প্রত্যন্ত এলাকাগুলিতে এই ধরনের ঝুঁকিপূর্ণ কারখানা চালানো হচ্ছে।

এদিকে, বিজেপির নেতারা এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়ে আরও তদন্তের দাবী জানিয়েছেন এবং কেন্দ্রীয় সরকার থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে, এবং পাথরপ্রতিমা বিস্ফোরণের ঘটনায় রাজনৈতিক চাপ তৈরি হচ্ছে।