অপেক্ষার আর মাত্র কয়েকদিন! মুক্তি পেতে চলেছে ‘পুরাতন’! ছবিতে ফিরছেন শর্মিলা ঠাকুর

অপেক্ষার আর মাত্র কয়েকদিন! আগামী ১১ এপ্রিল মুক্তি পেতে চলেছে সুমন ঘোষ পরিচালিত ও ঋতুপর্ণা সেনগুপ্ত প্রযোজিত বাংলা চলচ্চিত্র ‘পুরাতন’। দীর্ঘ ১৪ বছর পর বাংলা সিনেমার পর্দায় ফিরছেন কিংবদন্তি অভিনেত্রী শর্মিলা ঠাকুর। তাঁর প্রত্যাবর্তনের যাত্রাপথ কেমন ছিল, সেই অভিজ্ঞতা ভাগ করে নিলেন পরিচালক সুমন ঘোষ।

পরিচালক সুমন ঘোষ বলেন, “আমি খুব নস্ট্যালজিয়ায় ভুগি। অনেকেই বলেন, পিছু টান না রেখে এগিয়ে চলতে। কিন্তু আমি মনে করি, অতীতকে ফিরে দেখা মানে নিজেকে আরও সমৃদ্ধ করা। এই ছবির মূল সুরও তাই—পুরনো ও নতুনের মেলবন্ধন।”

তিনি জানান, ছবিতে ইন্দ্রনীল ও ঋতুপর্ণার চরিত্র দুটি খুব আধুনিক, যারা ‘বেংলিশ’ (বাংলা ও ইংরেজির মিশ্রণ) ভাষায় কথা বলে। অন্যদিকে শর্মিলা ঠাকুরের চরিত্রটি সম্পূর্ণ বাঙালি সংস্কৃতির প্রতিচ্ছবি—যিনি শুধুমাত্র বাংলায় কথা বলেন। দুই প্রজন্মের এই সাংস্কৃতিক বৈপরীত্য ও তার মধ্যে এক সেতুবন্ধনের গল্পই ‘পুরাতন’-এর মূল উপজীব্য।

ছবির শুটিং হয়েছে টিটাগড়ের একটি পরিত্যক্ত জুট মিলে, কলকাতার বিভিন্ন লোকেশনে এবং মেঘালয়ের রুট ব্রিজ ও গুহার মধ্যে। পরিচালক জানান, “ঋতু আমাকে বলেছিল যে শর্মিলা ঠাকুর বাংলা ছবিতে কাজ করতে আগ্রহী, তবে গল্প ভালো হতে হবে। অনেকবার তিনি স্ক্রিপ্টের কারণে কাজ করতে রাজি হননি। তাই আমার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ ছিল এমন একটি গল্প লেখা, যাতে তিনি আগ্রহ পান।”

সুমন ঘোষ আরও জানান, শর্মিলা ঠাকুর সম্প্রতি তাঁকে বলেছেন, “হয়তো এটাই আমার শেষ বাংলা ছবি।” তিনি বলেন, “শর্মিলা ঠাকুরের মতো অভিনেত্রী যিনি ‘অপুর সংসার’ থেকে শুরু করে অসংখ্য ক্লাসিক সিনেমায় অভিনয় করেছেন, তাঁকে এমন একটি গল্প দিতে চেয়েছিলাম, যা তাঁর ক্যারিয়ারের এক সুন্দর সংযোজন হবে। ‘পুরাতন’-এর স্ক্রিপ্ট পড়ে তিনি বলেছিলেন—’আমার কবিতার মতো লেগেছে।’ এরপর তিনি ছবিতে অভিনয় করতে রাজি হন।”

এই ছবির প্রযোজক ও অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত সম্পর্কে সুমন ঘোষ বলেন, “ঋতু কীভাবে এত কাজ একসঙ্গে সামলায়, আমি জানি না! ছবিটিকে নিজের সন্তানের মতো ভালোবেসেছে। এতদিন পর শর্মিলা ঠাকুর সিনেমায় ফিরছেন বলে তিনি সমস্ত রকমের সুব্যবস্থা রেখেছিলেন।

সাম্প্রতিককালে সুমন ঘোষ পরিচালিত রবীন্দ্রনাথ ঠাকুরের ‘কাবুলিওয়ালা’ দর্শকের হৃদয় জয় করেছে। এবার ‘পুরাতন’ কতটা সাড়া ফেলতে পারে, তা দেখার জন্যই অপেক্ষায় রয়েছেন বাংলা সিনেমাপ্রেমীরা