করাচিতে খতম মুম্বই হামলার চক্রী হাফিজ সঈদের আত্মীয়, প্রশ্নের মুখে পাকিস্তান

যে পাকিস্তান এত বছর ধরে মুম্বই হামলার মূল চক্রী হাফিজ সঈদকে নিরাপদ আশ্রয় দিয়ে এসেছে, সেই দেশেই এবার খুন হলেন তার ঘনিষ্ঠ আত্মীয়। সোমবার সকালে পাকিস্তানের করাচিতে অজ্ঞাত পরিচয় আততায়ীর গুলিতে ঝাঁঝরা হয়ে যান হাফিজ সঈদের আত্মীয় এবং লস্কর-ই-তৈয়বার অন্যতম গুরুত্বপূর্ণ সদস্য আব্দুল রেহমান। শুধু তাই নয়, এই আব্দুল রেহমান ছিল লস্করের শার্প শ্যুটার এবং সংগঠনের জন্য অর্থ সংগ্রহের কাজও করত। এই ঘটনায় ভারত সহ গোটা আন্তর্জাতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

প্রত্যক্ষদর্শীদের বয়ান অনুযায়ী, এদিন সকালে করাচির একটি ভরা বাজারে জিনিসপত্র কিনতে এসেছিলেন আব্দুল রেহমান। সিসিটিভি ফুটেজে দেখা যায়, এক ব্যক্তি দোকানে এসে আব্দুল রেহমানের কাছ থেকে কিছু জিনিসপত্র জিজ্ঞাসা করে এবং মুহূর্তের মধ্যেই তাকে লক্ষ্য করে গুলি চালায়। গুলি লাগার সঙ্গে সঙ্গেই আব্দুল রেহমান মাটিতে লুটিয়ে পড়েন এবং আততায়ী দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। হামলার পর স্থানীয়রা দ্রুত আব্দুল রেহমানকে নিকটবর্তী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন।

গত কয়েক মাস ধরেই পাকিস্তানে সন্ত্রাসবাদী নেতাদের একের পর এক রহস্যমৃত্যু ভাবিয়ে তুলেছে আন্তর্জাতিক মহলকে। একদিকে বেলুচিস্তানে বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) এবং তেহরিক-ই-তালিবান পাকিস্তানের মতো জঙ্গি গোষ্ঠীগুলি নিয়মিতভাবে পাকিস্তানি সেনাবাহিনীকে নিশানা করছে। অন্যদিকে, খোদ প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের দেশে অজ্ঞাতপরিচয় বন্দুকধারীরা একের পর এক জঙ্গি নেতাকে হত্যা করে চলেছে। এদিন হাফিজ সঈদের ঘনিষ্ঠ সহযোগীকে যে ব্যক্তি গুলি করেছে, তাকে কেউ চিনতে পারেনি এবং ঘটনার পর সে দ্রুত ভিড়ের মধ্যে মিশে যায়।

এর আগেও বেশ কয়েকজন জঙ্গি নেতা অজ্ঞাতপরিচয় আততায়ীদের হাতে নিহত হয়েছে। সম্প্রতি ফয়সল নাদিম ওরফে আবু কাতাল সিন্ধি নামে হাফিজ সঈদের এক ভাগ্নে ঝিলাম জেলায় অজ্ঞাতপরিচয় মুখোশধারী ব্যক্তির গুলিতে নিহত হন। এছাড়াও, চলতি মাসের শুরুতেই পেশোয়ারে অজ্ঞাত হামলাকারীদের গুলিতে নিহত হন পাকিস্তান সেনাবাহিনীর আইএসপিআর-এর অফিসার মেজর দানিয়াল, যিনি ২০১৬ সালে বারামুল্লায় ভারতীয় সামরিক কনভয়ের উপর হামলার মূল পরিকল্পনাকারী ছিলেন বলে জানা যায়।

সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, সন্ত্রাসবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার জন্য পাকিস্তানের উপর আন্তর্জাতিক চাপ ক্রমশ বাড়ছে। হাফিজ সঈদ লস্কর-ই-তৈয়বার প্রতিষ্ঠাতা এবং ২০০৮ সালের মুম্বই হামলার মতো ভয়াবহ সন্ত্রাসী হামলার জন্য দায়ী। আমেরিকা সহ বহু দেশই লস্কর-ই-তৈবার মতো জঙ্গি সংগঠনকে নির্মূল করতে বদ্ধপরিকর। এমন পরিস্থিতিতে হাফিজ সঈদের ঘনিষ্ঠ সহযোগীদের একের পর এক হত্যাকাণ্ড কি পাকিস্তান সেনাবাহিনীর অভ্যন্তরীন কোনও পদক্ষেপ, সেই প্রশ্নও উঠছে।

অন্যদিকে, আরেকটি জল্পনা শোনা যাচ্ছে যে লস্কর-ই-তৈবা এবং জামাত-উদ-দাওয়া নামক অন্য একটি সন্ত্রাসী সংগঠনের মধ্যে ক্ষমতার লড়াই চলছে। দুটি গোষ্ঠীই একে অপরের সদস্যদের নিশানা করছে। হাফিজ সঈদের ঘনিষ্ঠ সহযোগীদের হত্যা করে জামাত-উদ-দাওয়ার সদস্যরা সংগঠনের নেতৃত্ব দখলের চেষ্টা করছে বলেও মনে করছেন অনেকে। সূত্রের খবর, এই ক্ষমতা দখলের লড়াইয়ে পাকিস্তানি সেনাবাহিনী এবং গোয়েন্দা সংস্থার কিছু লোক গোপনে মদদ জোগাচ্ছে। তবে আসল কারণ যাই হোক না কেন, পাকিস্তানে সন্ত্রাসবাদী নেতাদের এই ধারাবাহিক হত্যাকাণ্ড আন্তর্জাতিক মহলে গভীর উদ্বেগের সৃষ্টি করেছে।