ছাভা-কেও টপকাতে পারল না সলমনের সিনেমা ‘সিকন্দর’, কত হল প্রথমদিনের আয় ?

ঈদের মরশুমে দর্শক টানতে সাধারণত শুক্রবারের পরিবর্তে রবিবার মুক্তি পেয়েছে এসআর মুরুগুদাস পরিচালিত ‘সিকন্দর’। ছবিটি ঘিরে ছিল প্রবল উন্মাদনা, বিশেষত সলমন খান ও রশ্মিকা মন্দানার অনস্ক্রিন কেমিস্ট্রি নিয়ে, যদিও তাঁদের মধ্যে বয়সের পার্থক্য ৩১ বছর। তবে মুক্তির পরপরই আশানুরূপ সাড়া মেলেনি বক্স অফিসে।
সোমবার ছিল ঈদ, আর তার একদিন আগেই মুক্তি পেয়েছে ‘সিকন্দর’। কিন্তু ছবিটির প্রথম দিনের বক্স অফিস সংগ্রহ হতাশ করেছে ভক্তদের। বক্স অফিস রিপোর্ট অনুযায়ী, সন্ধ্যা ৭টা পর্যন্ত ‘সিকন্দর’ ২১.৯৬ কোটি টাকা আয় করেছিল, দিনশেষে মোট সংগ্রহ দাঁড়ায় ২৬ কোটি টাকায়। যদিও ছবির বাজেট ২০০ কোটি টাকা, তাই প্রথম দিনেই বাজেটের মাত্র ১০ শতাংশ রিটার্ন এসেছে।
মুক্তির মাত্র কয়েক ঘণ্টা আগেই ‘সিকন্দর’ ফুল এইচডি কোয়ালিটিতে অনলাইনে ফাঁস হয়ে যায়, যা বক্স অফিস কালেকশনে প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ট্রেড অ্যানালিস্ট কোমল নাহতা জানিয়েছেন, ২৯ মার্চ সন্ধ্যায় ছবিটি অনলাইনে ফাঁস হওয়ার কারণে দর্শকদের মধ্যে প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখার আগ্রহ কিছুটা কমে যায়।
সলমন খানের আগের ঈদ রিলিজগুলোর তুলনায় ‘সিকন্দর’ কিছুটা ভালো করলেও, ভিকি কৌশলের ‘ছাভা’র প্রথম দিনের কালেকশনের তুলনায় পিছিয়ে পড়েছে। ‘ছাভা’ প্রথম দিনেই ৩৩.১০ কোটি টাকা আয় করেছিল, যা ‘সিকন্দর’-এর তুলনায় অনেকটাই বেশি। তবে, ২০২৩ সালে ঈদে মুক্তিপ্রাপ্ত ‘কিসি কা ভাই কিসি কা জান’-এর (১৫.৮১ কোটি টাকা) তুলনায় ‘সিকন্দর’ ভালো ব্যবসা করেছে।
২০১৫ সালে মুক্তি পাওয়া ‘বজরঙ্গি ভাইজান’ প্রথম দিনে ২৬.৬৭ কোটি টাকা আয় করেছিল, যা ‘সিকন্দর’-এর প্রথম দিনের আয়ের প্রায় সমান। আবার ২০১৯ সালে মুক্তিপ্রাপ্ত ‘দাবাং ৩’-এর প্রথম দিনের সংগ্রহ (২৪.৫০ কোটি) কে অতিক্রম করেছে এই ছবি।
বক্স অফিস বিশেষজ্ঞরা মনে করছেন, ঈদের ছুটির দিন অর্থাৎ সোমবার ‘সিকন্দর’-এর আয় আরও বাড়তে পারে। সলমন খানের ঈদ রিলিজ মানেই বিশাল ব্যবসার সম্ভাবনা, তাই উইকএন্ড ও ছুটির দিনে দর্শকের ভিড় বাড়তে পারে বলে আশা করা হচ্ছে।
নায়ক-নায়িকার কেমিস্ট্রি ও অভিনয় নিয়ে দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও, সিনেমাটির বক্স অফিস যাত্রা কেমন হয়, তা সময়ই বলবে।