ঈদের মঞ্চ থেকে সম্প্রীতির বার্তা ‘অভিষেক,-র, বিজেপিকে করা আক্রমণ

সারা দেশের পাশাপাশি এদিন বাংলাতেও উদযাপিত হচ্ছে খুশির ইদ। সোমবার সকালে কলকাতার রেড রোডে মুসলিম সম্প্রদায়ের মানুষ বিশেষ প্রার্থনায় অংশ নেন। প্রতিবছরের মতো এবারও সেখানে হাজির ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁদের বক্তৃতায় উঠে আসে সম্প্রীতির বার্তা ও রাজনৈতিক কটাক্ষ।

অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, “ধর্ম যার যার, উৎসব সবার। বাংলা শুধু হিন্দুদের নয়, মুসলিমদেরও নয়, এটি সকল সম্প্রদায়ের মানুষের। আমাদের সংস্কৃতি সম্প্রীতির, বিভেদের নয়।” পাশাপাশি তিনি অভিযোগ করেন, কিছু শক্তি বাংলাকে অশান্ত করতে চায়, বিভাজনের রাজনীতি করছে। তবে তিনি স্পষ্ট বলেন, “ওদের ফাঁদে পা দেবেন না। যারা বাংলাকে ভাগ করতে চায়, তাদের জেনে রাখা উচিত— চাঁদের কোনও ধর্ম নেই। চাঁদ দেখেই যেমন ইদ পালন করা হয়, তেমনই করওয়াচৌথের উপোসভঙ্গও করা হয়।”

এদিন বিজেপিকেও তীব্র কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “বাংলা থেকে বিজেপি ১৮টি আসন পেয়েছিল। কিন্তু বাংলার মানুষই তাদের ৬টি আসনে পরাজিত করেছে। যারা ধর্মের নামে মানুষকে ভাগ করতে চায়, তারা আসলে সমাজের শত্রু।” এরপরই বিজেপি নেতাদের উদ্দেশে তিনি বলেন, “আপনারা ধর্মের চশমা খুলে দেখুন, শুধু মুসলমানরা নয়, গোটা হিন্দুস্তানই আজ সংকটে।”

তবে ইদের বিশেষ মঞ্চ থেকে রাজনৈতিক বার্তা দেওয়া নিয়ে বিতর্কও দানা বেঁধেছে। সিপিএম নেতা সুজন চক্রবর্তী তীব্র সমালোচনা করে বলেন, “ইদের পবিত্র অনুষ্ঠানে রাজনৈতিক প্রচার একেবারেই অনুচিত। এটি শুধুমাত্র ধর্মীয় অনুষ্ঠান হওয়া উচিত, কোনও রাজনৈতিক সভা নয়।”

রাজনৈতিক বিতর্ক যাই হোক, ইদের শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি সম্প্রীতির বার্তা দিয়ে রেড রোডের মঞ্চ থেকে নিজের অবস্থান স্পষ্ট করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।