‘অর্জুন’-কে পুলিশের নোটিস-বাণ! পাল্টা অভিযোগে মামলা দায় কলকাতা হাইকোর্টে

বিজেপি নেতা অর্জুন সিংয়ের বিরুদ্ধে পুলিশি হেনস্থার অভিযোগ উঠে এসেছে। সম্প্রতি, জগদ্দলকাণ্ডের বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাকে পাঁচটি নোটিস দেওয়া হয়। এর মধ্যে একটি নোটিসে তাকে থানায় তলব করা হয়েছে, যেখানে তাকে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স এবং তার বাড়ির সিসি ক্যামেরার ফুটেজ জমা দিতে বলা হয়েছে। তবে এই সব অভিযোগের বিরুদ্ধে অর্জুন সিং এবার কলকাতা হাইকোর্টে মামলা দায়ের করেছেন।
অর্জুন সিং দাবি করেছেন, “বিরোধী দলে আছি বলেই আমার বিরুদ্ধে এই সমস্ত অভিযোগ উঠেছে এবং FIR দায়ের করা হয়েছে। রাতেই পুলিশ আমার বাড়িতে তল্লাশি চালায়। আজ আবার থানায় ডেকে পাঠানো হয়েছে।” তিনি আরও বলেন, “আমাকে মিথ্যা অভিযোগে অভিযুক্ত করা হচ্ছে, যা আমার রাজনৈতিক প্রতিপক্ষের পরিকল্পিত ষড়যন্ত্র।”
এরপর, অর্জুন সিং তাঁর আইনজীবী মারফত কলকাতা হাইকোর্টে দ্রুত শুনানির জন্য আবেদন করেন। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এই মামলার অনুমতি দেন।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে যে, বিজেপি নেতা অর্জুন সিংকে ২৪ ঘণ্টার মধ্যে থানায় হাজির হতে বলা হয়েছে। তাকে তার আগ্নেয়াস্ত্রের লাইসেন্স এবং বাড়ির সমস্ত সিসি ক্যামেরার ফুটেজসহ থানায় উপস্থিত হতে বলা হয়েছে। কিন্তু অর্জুন সিং দাবি করেছেন, তিনি বর্তমানে পাটনায় দলের কাজে রয়েছেন, তাই আজকের জন্য থানায় হাজিরা দেওয়া সম্ভব নয়।
এই ঘটনাটি জগদ্দলকাণ্ডের একটি নতুন মোড় নিয়েছে এবং এর জেরে রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা চলছে। পুলিশি তল্লাশির পর, অর্জুন সিংয়ের বিরুদ্ধে আরও কী পদক্ষেপ নেওয়া হবে তা নিয়ে এখনো অনিশ্চিত।
এখন, হাইকোর্টে মামলার পরবর্তী শুনানির দিকে নজর থাকবে।