“RG করের তথ্যপ্রমাণ লোপাটকারীকে পুরপ্রধান করবেন, আর বাঙালি চুপ করে বসে থাকবে?”- সুকান্ত

লন্ডনের কেলগ কলেজে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য চলাকালীন বামপন্থী ছাত্র সংগঠন SFI-এর বিক্ষোভে সমর্থন জানালেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, “কলকাতায় পুলিশ ঘিরে রাখে বলেই কেউ প্রশ্ন করতে পারে না। যদি তা না হতো, তবে রাস্তায় দাঁড়িয়ে বাঙালিরা তাঁকে প্রশ্ন করত।”

সুকান্তবাবু আরও বলেন, “প্রতিবারের মতো এবারও মুখ্যমন্ত্রী বাংলার মান-সম্মান ডুবিয়ে এলেন। তিনি যত বেশি বলেন, ততই বাংলার সম্মানহানি হয়। এমন শব্দ ও ভাষা ব্যবহার করেন, যা বাংলার এবং দেশের মর্যাদাকে ক্ষুণ্ণ করে। আরজি কর হাসপাতালে তথ্যপ্রমাণ লোপাটের অভিযোগ থাকা ব্যক্তিদেরই পুরস্কৃত করা হয়েছে। সোমনাথ দে, যার নাম এই কেলেঙ্কারিতে বারবার উঠে এসেছে, তাকেই পানিহাটির চেয়ারম্যান করা হলো! অর্থাৎ, অপরাধের পুরস্কার দেওয়া হচ্ছে। বাঙালি কি চুপ করে বসে থাকবে? বাঙালির তো মেরুদণ্ড আছে! তারা প্রশ্ন করবেই।”

তিনি আরও বলেন, “কলকাতায় পুলিশের পাহারা না থাকলে মুখ্যমন্ত্রীকে রাস্তায় দাঁড় করিয়েই বাঙালিরা প্রশ্ন করত। কিন্তু এখানে সেই সুযোগ নেই, কারণ পুলিশ সবকিছু ঘিরে রাখে।”

উল্লেখ্য, বৃহস্পতিবার লন্ডনের কেলগ কলেজে মুখ্যমন্ত্রীর বক্তৃতার সময় বাঙালি ছাত্রদের একাংশ তাঁকে আরজি কর কাণ্ড নিয়ে সরাসরি প্রশ্ন করেন। তাঁদের দাবি, ওই ঘটনায় চিকিৎসকের মৃত্যুর জন্য মুখ্যমন্ত্রী দায়ী। প্ল্যাকার্ড হাতে তাঁকে ‘খুনি’ বলেও আক্রমণ করা হয়। যদিও পাল্টা জবাবে মুখ্যমন্ত্রী জানান, “বিষয়টি বিচারাধীন, তাই এ নিয়ে এখনই কিছু বলার নেই।”