বাড়বে এক্সট্রা খরচ! দাম বাড়তে পারে Cancer-Diabetes,-সহ একাধিক রোগের ওষুধের, চিন্তায় সাধারণ মানুষ

অর্থমন্ত্রী নির্মলা সীতারামন চলতি বছরের পূর্ণাঙ্গ বাজেটে ক্যানসার-সহ একাধিক দুরারোগ্য রোগের জন্য ব্যবহৃত ৩৬টি জীবনদায়ী ওষুধে করছাড়ের ঘোষণা করেছিলেন। সেই সঙ্গে আরও পাঁচ-ছয়টি ওষুধের উপর শুল্ক ৫ শতাংশ কমানোর কথাও জানিয়েছিলেন তিনি। তবে বাজেট ঘোষণার এক মাস পরই উঠে এল নতুন তথ্য।

এক সর্বভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এবার দাম বাড়তে চলেছে সরকার নিয়ন্ত্রিত বেশ কিছু জীবনদায়ী ওষুধের। অর্থাৎ, যেসব ওষুধের মূল্য নির্ধারণের দায়িত্ব সরকারের হাতে, সেগুলির দামেই এবার বৃদ্ধি দেখা যাবে। ক্যানসার, ডায়াবেটিস, হৃদরোগের মতো গুরুতর অসুখের চিকিৎসায় ব্যবহৃত ওষুধের দাম বাড়তে পারে প্রায় ১.৭ শতাংশ।

অল ইন্ডিয়া অর্গানাইজেশন অব কেমিস্ট অ্যান্ড ড্রাগিস্ট (AIOCD)-এর সাধারণ সম্পাদক রাজীব সিঙ্ঘল জানিয়েছেন, যদি দাম সামান্য বাড়েও, তাতে ওষুধ নির্মাতা সংস্থাগুলি কিছুটা স্বস্তি পাবে। বিগত কয়েক বছরে ওষুধ তৈরির কাঁচামালের দাম যেভাবে বেড়েছে, তাতে সংস্থাগুলোর টিকে থাকাই কঠিন হয়ে পড়েছে।

তাঁর মতে, দাম বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হলেও সাধারণ মানুষের উপর তার প্রভাব পড়তে অন্তত তিন মাস সময় লাগবে। কারণ, বাজারে এখনও প্রায় ৯০ দিনের জন্য যথেষ্ট পরিমাণ জীবনদায়ী ওষুধ মজুত রয়েছে।

সংসদের রাসায়নিক ও সার সংক্রান্ত স্থায়ী কমিটির একটি রিপোর্ট অনুযায়ী, বহু ফার্মা সংস্থা ফাঁকফোকর খুঁজে বের করে সরকার নির্ধারিত মূল্যের সীমা লঙ্ঘন করছে এবং ওষুধের দাম বাড়াচ্ছে। যদিও রাসায়নিক ও সার মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২২ সালে সরকারি তালিকাভুক্ত জীবনদায়ী ও প্রয়োজনীয় ওষুধের ক্ষেত্রে রোগীরা প্রায় ৩,৭৮৮ কোটি টাকা সাশ্রয় করতে পেরেছেন।

তবে এবার জীবনদায়ী ওষুধের দাম বাড়ার খবরে সাধারণ মানুষের কপালে চিন্তার ভাঁজ পড়েছে। বিশেষ করে, ক্যানসার, ডায়াবেটিস ও হৃদরোগের মতো অসুখের ওষুধের দাম বৃদ্ধির ফলে সরাসরি প্রভাব পড়বে লক্ষ লক্ষ রোগীর উপর।