“নিজের ক্ষমতায় রাজনীতি করি, কাউকে দরকার পড়ে না”- বললেন দিলীপ ঘোষ

কিছুদিন ধরে আবার রাজ্য রাজনীতিতে সক্রিয় হয়ে উঠেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। আর সক্রিয় হতে হতে তাঁর বক্তব্য ও কার্যকলাপে শুরু হয়েছে বিতর্কের ঝড়। কিছুদিন আগে খড়গপুরে মহিলাদের সম্পর্কে কুরুচিকর মন্তব্য করে বিতর্ক সৃষ্টি করেছিলেন প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ। এবার সেই বিতর্কের উত্তাপ আরও বাড়িয়ে দিলেন তিনি। আজ, বুধবার কৃষ্ণনগরে এসে তিনি স্পষ্টভাবে জানান যে রাজনীতিতে তিনি কারও পরোয়া করেন না।

কৃষ্ণনগরে “চায়ে পে চর্চা” কর্মসূচিতে দলীয় কর্মীদের সঙ্গে যোগ দিয়ে দিলীপ ঘোষ একথা বলেন। এদিন সাংবাদিকদের কাছে তিনি বলেন, ‘আমি নিজের ক্ষমতায় রাজনীতি করি, কর্মীদের সঙ্গে নিয়ে রাজনীতি করি। দিলীপ ঘোষকে কে কোণঠাসা করবে? আমার কাউকে দরকার নেই।’ এর সঙ্গে তিনি দলের গোষ্ঠীদ্বন্দ্ব ও জেলা সভাপতিদের নিয়োগের বিষয়েও মন্তব্য করেন। তিনি বলেন, রাজ্যে বিজেপি নেতাদের মধ্যে অশান্তি এবং গোষ্ঠীকোন্দল চরম আকার নিয়েছে। পাশাপাশি, রাজ্য সভাপতি নির্বাচনের বিষয়ে তিনি মন্তব্য করেন, যে বিষয়টি এখনো অনির্ধারিত।

এদিন, দিলীপ ঘোষ কৃষ্ণনগরে চায়ের কাপ হাতে সাংবাদিকদের মুখোমুখি হন এবং চেনা আক্রমণাত্মক মেজাজে কথা বলেন। তাঁর বক্তব্যের মধ্যে অন্যতম ছিল, ‘দা–এর অনেক কাজ আছে। এক দা–তে অনেক কাজ হয়ে যাবে।’ গতকাল কাটোয়া থেকে দেওয়া এই মন্তব্য রাজ্য রাজনীতিতে ব্যাপক চর্চা সৃষ্টি করে। যদিও তিনি নাম উল্লেখ না করলেও, তার কথায় বঙ্গ বিজেপির ক্ষমতাসীন গোষ্ঠীর প্রতি এক ধরনের বার্তা ছিল বলে রাজনৈতিক মহল মনে করছে।

২০২৬ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে বিজেপির সংগঠন তলানিতে চলে যাওয়ার বিষয়টিও উঠে আসে। দক্ষিণ কলকাতায় পোস্টারের মাধ্যমে দলের অস্বস্তি আরও বাড়ে, তবে দিলীপ ঘোষ নিজের অবস্থান স্পষ্ট করে বলেন, ‘দিলীপ ঘোষের পাশে কাউকে দরকার নেই। দিলীপ একাই আছে। পার্টির কর্মীরা আছে।’ তিনি আরও বলেন, পোস্টার রাজনীতি বিজেপি করে না এবং কোনো সমস্যা থাকলে তা শৃঙ্খলারক্ষা কমিটির মাধ্যমে সমাধান করতে হবে। বিজেপির রাজনীতিতে গুলি বা বোমা ব্যবহার হয় না, আর কেউ যদি কখনও চন্দন বা টুপি পরে মেকি মুসলমান সেজে ইফতার পার্টিতে যোগ দেয়, তা মুসলিমদের জন্য লজ্জাজনক বলে মন্তব্য করেন দিলীপ ঘোষ।