“হিন্দুরা মুসলিম পরিবারের মাঝে সুরক্ষিত নয়, কিন্তু…”- সাক্ষাৎকারে অকপট যোগী আদিত্যনাথ

রাজ্যে সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আশ্বাসের পর, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ প্রশ্ন তুলেছেন—হিন্দুরা কি সত্যিই সুরক্ষিত বোধ করেন? তাঁর বক্তব্য, একশো জন হিন্দু পরিবারের মধ্যে একটি মুসলিম পরিবার নিরাপদ অনুভব করতে পারে, কিন্তু ৫০ জন হিন্দু ১০০ জন মুসলিম পরিবারের মধ্যে সুরক্ষিত বোধ করেন না।
এএনআই-কে দেওয়া এক সাক্ষাৎকারে যোগী আদিত্যনাথ বলেন, “বাংলাদেশের পরিস্থিতি তার একটি উদাহরণ। এক মুসলিম পরিবার ১০০ হিন্দু পরিবারের মধ্যে সুরক্ষিত অনুভব করে, তবে ৫০ জন হিন্দু কি ১০০ মুসলিম পরিবারের মধ্যে সুরক্ষিত অনুভব করবেন? না। পাকিস্তানও এর আগে এমনই ছিল।”
যোগী আদিত্যনাথ আরও দাবি করেন, ২০১৭ সালে বিজেপি সরকারের গঠনের পর উত্তর প্রদেশে সাম্প্রদায়িক দাঙ্গা ও হিংসা বন্ধ হয়ে গেছে। তিনি বলেন, “২০১৭ সালের আগে এখানে যদি দাঙ্গা হত, হিন্দুর দোকান পুড়ত, তাহলে মুসলিমদের দোকানও পুড়ত। হিন্দু পরিবারের বাড়ি পুড়ে গেলে, মুসলিমদের বাড়িও পুড়ত। কিন্তু ২০১৭ সালের পর এসব বন্ধ হয়ে গিয়েছে।”
মন্দির-মসজিদ নিয়ে সম্প্রতি কিছু বিতর্ক সৃষ্টি হওয়া প্রসঙ্গে যোগী আদিত্যনাথ বলেন, হিন্দু ধর্মীয় স্থানে মসজিদ তৈরি করা ইসলামের নীতির বিরোধী। তিনি আরও বলেন, সম্বলে যতটা সম্ভব মন্দির পুনরুদ্ধার করা হবে।
মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের এই মন্তব্য রাজ্যে সংখ্যালঘুদের সুরক্ষা নিয়ে নতুন বিতর্ক সৃষ্টি করেছে, এবং এতে হিন্দু-মুসলিম সম্পর্কের এক অদ্ভুত পরিস্থিতির সৃষ্টি হয়েছে।