ইউটিউবারের বাড়িতে ঢুকে ফেলে গেলো মানুষের মল, রেডিয়াম জ্যাকেট পরা ওরা কারা? ফাঁস CCTV ফুটেজ

তামিলনাড়ুর চেন্নাইয়ের জনপ্রিয় ইউটিউবার ‘সাভুক্কু’ শংকরের বাড়িতে হামলা চালাল একদল অজ্ঞাতপরিচয় ব্যক্তি। বাড়ির ভিতরে ঢুকে নর্দমার নোংরা জল এবং মানুষের মল ফেলে রেখে যায় তারা। পুরো ঘটনাটি ধরা পড়েছে বাড়ির সিসিটিভি ক্যামেরায়, যা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।

ভিডিয়ো ফুটেজে দেখা গিয়েছে, অপরাধীরা সকলেই রেডিয়াম জ্যাকেট পরা ছিল। সাধারণত এই ধরনের জ্যাকেট বিভিন্ন পরিষেবা প্রদানকারী কর্মীরা কর্তব্যরত অবস্থায় পরেন। ফলে প্রশ্ন উঠছে— তারা কি সত্যিই কোনও পরিষেবা সংস্থার কর্মী, নাকি ছদ্মবেশী হামলাকারী?

৬৮ বছর বয়সী কমলা, শংকরের মা, চেন্নাই শহরের জি-৩ কিনপাউক থানায় অভিযোগ দায়ের করেছেন। তিনি জানিয়েছেন, হামলাকারীরা শুধু বাড়িতে ঢুকে নোংরা ফেলেই থামেনি, তাঁকে অশ্রাব্য ভাষায় গালিগালাজও করেছে।

সংবাদ সংস্থা এএনআই জানাচ্ছে, তামিলনাড়ু পুলিশের ডিজি শংকর জিওয়াল ঘটনার নিন্দা করে অভিযুক্তদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের নির্দেশ দিয়েছেন।

এই ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন ইউটিউবার সাভুক্কু শংকর। তিনি সোশ্যাল মিডিয়ায় সিসিটিভি ফুটেজ শেয়ার করার পর তদন্তভার স্থানীয় থানার বদলে ক্রাইম ব্রাঞ্চের হাতে তুলে দেওয়া হয়েছে।

সাভুক্কু শংকর প্রায়ই তামিলনাড়ুর শাসকদল ডিএমকে-র বিরুদ্ধে সমালোচনা করেন। হামলার ঘটনায় বিরোধী দল এআইএডিএমকে, বিজেপি-সহ বিভিন্ন রাজনৈতিক মহল সরব হয়েছে। তারা এই ঘটনার কড়া তদন্ত এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছে।

শংকরের বাড়িতে হামলা কি নিছকই এক বিচ্ছিন্ন ঘটনা, নাকি এর পিছনে কোনো সুগভীর ষড়যন্ত্র লুকিয়ে আছে? তদন্তের ওপরেই নির্ভর করছে সেই উত্তর।