“বাঙালিরাই যদি বাংলাকে ভুলে যান…” IPL-এ শ্রেয়ার গান নিয়ে বিতর্ক উস্কে দিলেন চিরঞ্জিত

শনিবার কলকাতার ঐতিহ্যবাহী ইডেন গার্ডেন্সে জমকালো উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে শুরু হলো আইপিএল ২০২৫। কিন্তু এই অনুষ্ঠান ঘিরেই তৈরি হয়েছে নতুন বিতর্ক। কারণ, বাংলার মাটিতে দাঁড়িয়ে বাংলার মেয়ে শ্রেয়া ঘোষাল একটিও বাংলা গান গাইলেন না!
সোশ্যাল মিডিয়ায় এই নিয়ে শুরু হয়েছে ব্যাপক চর্চা। এবার সেই একই ক্ষোভ প্রকাশ করলেন জনপ্রিয় অভিনেতা চিরঞ্জিত চক্রবর্তী। এক অনুষ্ঠানে তিনি বলেন,
“শ্রেয়া তো বাঙালি। কলকাতায় যখন আইপিএলের উদ্বোধন হচ্ছে, তখন হাজার হাজার বাঙালির সামনে দু’লাইন হলেও বাংলা গান গাওয়া যেত। বাঙালিরাই যদি বাংলাকে ভুলে যান, তাহলে বাংলা সংস্কৃতি টিকবে কীভাবে? এত সুন্দরভাবে বিভিন্ন ভাষার গান গাইলেন, কিন্তু একটাও বাংলা গান শোনা গেল না!”
গতবারের উদ্বোধনী অনুষ্ঠানে বাংলার গায়ক অরিজিৎ সিং মন জয় করেছিলেন। তাই এবারে শ্রেয়াকে নিয়ে দর্শকদের প্রত্যাশা ছিল আরও বেশি। কিন্তু বাংলার একটিও গান না গাওয়ায় অনেকেই হতাশ। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে নানা পোস্ট ও সমালোচনা।
বহুদিন ধরেই বাংলার অনুষ্ঠানে বাংলা গান বা ভাষাকে প্রাধান্য না দেওয়ার অভিযোগ উঠছে। এর আগেও বিভিন্ন শো বা বড় ইভেন্টে হিন্দির আধিপত্য নিয়ে প্রশ্ন উঠেছে। এবার সেই বিতর্ক আরও জোরালো হলো শ্রেয়ার আইপিএল পারফরম্যান্স ঘিরে।
তবে, এই বিষয়ে এখনও কোনও মন্তব্য করেননি শ্রেয়া ঘোষাল। এখন দেখার, বিতর্কের মাঝে গায়িকা নিজে কী প্রতিক্রিয়া দেন!