এলাহাবাদ হাই কোর্টের বিতর্কিত রায় নিয়ে প্রশ্ন শিবসেনার সাংসদ প্রিয়াঙ্কার, বিচারপতির বরখাস্তের দাবি

উত্তরপ্রদেশের কাসগঞ্জে এক পকসো মামলায় এলাহাবাদ হাইকোর্টের বিতর্কিত রায় নিয়ে এবার প্রশ্ন তুললেন শিবসেনার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদী। এলাহাবাদ হাইকোর্টের রায় পুনরায় পর্যালোচনার অনুরোধ জানিয়ে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখেছেন তিনি। শুধু তাই নয়, চিঠিতে তিনি দাবি করেছেন, হাইকোর্টের বিচারপতি রামমনোহর নারায়ণ মিশ্রের অবিলম্বে বরখাস্ত হওয়া উচিত, কারণ তিনি রায় দিয়েছেন যে, বুকে হাত দেওয়া বা পাজামার দড়ি খুলে দেওয়া ধর্ষণ বা ধর্ষণের চেষ্টা বলে গণ্য হয় না।
২০২১ সালে কাসগঞ্জে এক কিশোরীর বিরুদ্ধে দুই যুবকের অশালীন আচরণের অভিযোগ ওঠে। অভিযোগ করা হয়, ওই যুবকেরা কিশোরীর স্তনে হাত দিয়েছিল এবং তার পাজামার দড়ি খুলে দিয়েছিল। এই ঘটনার পর কাসগঞ্জ থানায় অভিযোগ দায়ের হয় এবং মামলা সেখান থেকে এলাহাবাদ হাইকোর্টে পৌঁছায়। তবে, এলাহাবাদ হাইকোর্টের বিচারপতি রামমনোহর নারায়ণ মিশ্র এই ঘটনায় বলেছিলেন যে, বুকে হাত দেওয়া বা পাজামার দড়ি খুলে দেওয়া ধর্ষণ বা ধর্ষণের চেষ্টার মধ্যে পড়ে না। তার এই রায় বিভিন্ন মহলে সমালোচনার জন্ম দেয়।
এলাহাবাদ হাইকোর্টের এই রায়কে ‘ভুল’ হিসেবে উল্লেখ করেছেন কেন্দ্রীয় নারী ও শিশুকল্যাণ মন্ত্রী অন্নপূর্ণা দেবী। এবার সেই সুরে শিবসেনার সাংসদ প্রিয়াঙ্কা চতুর্বেদীও আওয়াজ তুলেছেন। তিনি শুধু হাইকোর্টের রায়ের বিরোধিতা করেননি, বরং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে চিঠি লিখে বিচারপতি রামমনোহর নারায়ণ মিশ্রের অবিলম্বে বরখাস্তের দাবি জানিয়েছেন।