ধোকা দিয়েছেন প্রেমিকা, নিজের গলায় ছুরি চালালো যুবক, বললেন- ‘একটু ভিডিয়ো করে দিন

প্রেমিকা দ্বারা ধোঁকা খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করলেন এক ব্যক্তি। রক্তাক্ত অবস্থায় তিনি রাস্তায় ছটফট করতে করতে পাশের দোকানদারকে নিজের পরিস্থিতি ভিডিও করতে বলেন। ঘটনাটি ডোমজুড়ের সরস্বতী ব্রিজের কাছে বিপন্নপাড়ায় ঘটে বৃহস্পতিবার রাত সাড়ে ৯ টা নাগাদ। ঘটনাটি জানাজানি হতে এলাকায় রীতিমতো আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে পুলিশ এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যক্তির নাম প্রশান্ত সিংহ রানা, তিনি ডোমজুড়ের জঙ্গলপাড়ার বাসিন্দা। আদতে ঝাড়খণ্ডের বাসিন্দা তিনি, এবং ডোমজুড়ে একটি কারখানায় কাজ করেন। জানা যায়, রাতে হেঁটে যাওয়ার সময় আচমকাই নিজের গলায় ছুরি চালিয়ে দেন। এরপর পাশের এক দোকানে গিয়ে দোকানদারকে অনুরোধ করেন, তাঁর মোবাইলে ওই ভয়াবহ দৃশ্যের ভিডিও রেকর্ড করার জন্য। তিনি জানান, “মেয়েটি ধোঁকা দিয়েছে, তাই আমি গলায় ছুরি চালিয়েছি। একটু ছবি করে দিন, ভাইরাল করব।” তারপরই রক্তাক্ত অবস্থায় রাস্তায় লুটিয়ে পড়েন বছর ৪২ এর ওই ব্যক্তি।

ঘটনার খবর পেয়ে ডোমজুড় থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাওড়া জেলা হাসপাতালে ভর্তি করে। স্থানীয়দের কাছ থেকে খবর পাওয়ার পর পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে। পুলিশ ওই ব্যক্তির মোবাইল বাজেয়াপ্ত করেছে এবং তাঁর বাড়িতে খবর দেওয়ার চেষ্টা করছে।

পুলিশের প্রাথমিক অনুমান, প্রেমিকার সঙ্গে সম্পর্কের অবনতি হওয়ায় ওই ব্যক্তি আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তবে, ঘটনার তদন্ত চলছে এবং পুলিশ মহিলার পরিচয় জানার চেষ্টা করছে।