‘BJP ৩০-এর গণ্ডি পেরোতে পারবে না’- দাবি কুণালের, অঙ্ক কষে চমকে দিলেন দেবাংশু, বললেন…

২০২১ সালের বিধানসভা নির্বাচনে ‘অব কি বার ২০০ পার’ স্লোগান তুলে ৭৭টি আসন পেয়েছিল বিজেপি। ২০২৬ সালের নির্বাচনের আগে শুভেন্দু অধিকারী দাবি করেছেন, বিজেপি এবার ১৮০টি আসনে জিতবে। তাঁর এই দাবির পরিপ্রেক্ষিতে তৃণমূল কংগ্রেস নেতা কুণাল ঘোষ কটাক্ষ করে বলেছেন, বিজেপি ৩০-এর গণ্ডিও পেরোতে পারবে না। তবে তৃণমূল নেতা দেবাংশু ভট্টাচার্য কুণালের সঙ্গে একমত নন। তিনি হিসাব করে বলেছেন, বিজেপি কুণালের দাবির চেয়ে বেশি আসন পেতে পারে।

২০২১ সালের নির্বাচনে বিজেপি ‘২০০ পার’ স্লোগান তুলেছিল, কিন্তু তারা ৭৭টি আসন পেয়েছিল। এবার শুভেন্দু অধিকারী ১৮০টি আসনের লক্ষ্যমাত্রা রেখেছেন।

তমলুকে শুভেন্দু অধিকারী বলেন, “লোকসভা ভোটে জেলার দুটি আসনই আপনারা নরেন্দ্র মোদীকে উপহার দিয়েছিলেন। শপথ নিন আমরা এই জেলা থেকে ১৬টি আসনেই জিতব। রাজ্যে হব অন্তত ১৮০। এবার মমতাকে প্রাক্তন করব।”

কুণাল ঘোষ বলেন, “২০২১ সালে বলেছিল দুশো পার। পেয়েছিল ৭৭টা। এটা এখন এসে ঠেকেছে ৬০-৬২-তে। ভোটের আগে সেটা চল্লিশে নামবে। সামনের বার ৩০টাও পাবে না বুঝতে পেরে টার্গেটটাই কমিয়ে দিয়েছে।”

দেবাংশু ভট্টাচার্য ঐকিক নিয়মে হিসাব করে বলেছেন, বিজেপি বিধানসভা ভোটে ৬৮টি আসন পেতে পারে। তিনি ফেসবুকে লিখেছেন, “২০০-র টার্গেট দিয়ে যারা ৭৭ পায়, ৩৫-এর টার্গেট দিয়ে যারা ১২ পায়, ১৮০-র টার্গেট সেট করে তারা ফাইনালি কত পেতে পারে? ঐকিক নিয়মের অঙ্ক কী বলছে? ২০০-র ৭৭ হল প্রায় ৩৮%, ৩৫-এর ১২ হল ৩৪%। বিধানসভা ট্র্যাক রেকর্ড ধরলে তারা সেট করা টার্গেটের ৩৮% হাসিল করতে পারে। সুতরাং, ১৮০-র ৩৮% হয় ৬৮-টি আসন। এবং লোকসভার ট্র্যাক রেকর্ড ধরলে ১৮০-র ৩৪%। অর্থাৎ ৬১-টি আসন। এভাবেই চালিয়ে খেলুন শুভেন্দু বাবু! আমাদের বিশ্বাস, বিরোধী দলের তকমা প্রাপ্তির সম্ভাবনাটাও আপনি একা হাতেই শেষ করবেন! আপনি আমাদের লক্ষ্মী।”