দুদিক থেকে ধেয়ে আসছিল দুটো ট্রেন, প্রাণে বাঁচতে ব্রিজ থেকে রাস্তায় ঝাঁপ মহিলার, অতঃপর….

আইন এবং নিয়ম উপেক্ষা করার পরিণতিতে ৩৮ বছর বয়সী এক মহিলাকে মর্মান্তিকভাবে জীবন হারাতে হল। ঘটনাটি ঘটেছে বিধাননগর স্টেশন সংলগ্ন রেল ব্রিজে। জানা গেছে, দুটি দিক থেকে আসা ট্রেনের হাত থেকে বাঁচতে মহিলা ব্রিজ থেকে নিচে রাস্তায় ঝাঁপ দেন। কিন্তু দুর্ভাগ্যবশত, গুরুতর আঘাতের কারণে তাঁর মৃত্যু হয়।

ঘটনার বিবরণে জানা যায়, সকাল ৭টা নাগাদ পথচারীরা রেল ব্রিজের নিচে কিছু পড়ার শব্দ শুনতে পান। সেখানে গিয়ে তারা দেখেন এক মহিলা রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। কিছুক্ষণের মধ্যেই তাঁর মৃত্যু হয়। জানা যায়, মৃত মহিলা দক্ষিণদাঁড়ির ঋষিপাড়ার বাসিন্দা। ঘটনার সময় তাঁর স্বামীও তাঁর সঙ্গে ছিলেন। অভিযোগ, তারা রেললাইন ধরে হাঁটছিলেন।

বিধাননগর স্টেশনের কাছে রেল ব্রিজের ওপর দুটি রেললাইন রয়েছে। সেখানে একটি সরু হাঁটার পথ থাকলেও, অনেকেই রেললাইনের ওপর দিয়ে হাঁটেন। মহিলা ও তাঁর স্বামীও তাই করছিলেন।

জানা গেছে, যখন মহিলা রেল ব্রিজের ওপর ছিলেন, তখন তিনি দেখেন দুটি ট্রেন একইসঙ্গে আসছে। বাঁচার জন্য তিনি রেললাইনের মাঝখান দিয়ে নিচে ঝাঁপ দেন। প্রত্যক্ষদর্শীদের মতে, ঝাঁপ দেওয়ার সময় রেল ব্রিজের লোহার খুঁটিতে তাঁর মাথা আঘাত লাগে। আবার কারও মতে, রাস্তায় পড়ে তাঁর মাথা ফাটে। আঘাত গুরুতর হওয়ায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

ঘটনাস্থলে লেকটাউন থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। একটি সূত্রে জানা গেছে, এই ঘটনায় মহিলার স্বামীও আহত হয়েছেন।