সন্ধ্যা নামলেই শুরু হবে দুর্যোগ! বৃষ্টি সহ ঘন ঘন বজ্রপাতেরও আশঙ্কা, জারি কমলা সতর্কতা

আবার দুর্যোগের আশঙ্কা। কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কমলা সতর্কতা জারি করা হয়েছে। আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। শুক্রবার সকাল থেকেই পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি শুরু হয়েছে এবং বেলা বাড়ার সাথে সাথে অন্যান্য জেলাতেও বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে।

শুধু বৃষ্টি নয়, ঘন ঘন বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার পুরুলিয়ার মানবাজারে বজ্রপাতে একজনের মৃত্যু হয়েছে। আবহাওয়াবিদরা এই দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সাবধানে থাকার পরামর্শ দিয়েছেন। আগামী রবিবার পর্যন্ত রাজ্যজুড়ে সতর্কতা জারি করা হয়েছে। শুধু দক্ষিণবঙ্গ নয়, উত্তরবঙ্গেও ঝড়-বৃষ্টি শুরু হয়েছে।

বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি শিলাবৃষ্টি এবং দমকা ঝোড়ো হাওয়া অর্থাৎ কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী, আসাম, রাজস্থান ও মধ্যপ্রদেশে সক্রিয় ঘূর্ণাবর্ত এবং জোড়া অক্ষরেখার প্রভাব রয়েছে। একটি অক্ষরেখা মধ্যপ্রদেশ থেকে ওড়িশা পর্যন্ত বিস্তৃত। আগামী ২৪শে মার্চ উত্তর-পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা প্রবেশ করবে।

শুক্রবার থেকে রবিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প বেশি প্রবেশ করবে এবং বাতাসের গতি বৃষ্টির অনুকূল থাকবে। শুক্রবার বাঁকুড়া, বীরভূম, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, হাওড়া ও হুগলিতে কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে দমকা ঝড় ৬০ কিলোমিটার গতিবেগে বইতে পারে।

আজ শুক্রবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২৩.৯ ডিগ্রি সেলসিয়াস। বৃহস্পতিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা ৪৪ থেকে ৯৫ শতাংশ।