‘বাঘ’ হয়েছে খাঁচা-বন্দি, জেলে বসেই ‘হুমকি’ দিচ্ছেন শেখ শাহজাহান, তবে কি ফিরছেন ‘বেতাজ বাদশা’?

সন্দেশখালির একসময়ের ‘বেতাজ বাদশা’ শেখ শাহজাহান এখন মামলার ফাঁসে জর্জরিত। আপাতত প্রেসিডেন্সি জেলেই বন্দি তিনি, তবে সেখান থেকেই নাকি চালিয়ে যাচ্ছেন নিজের ‘দরবার’।
সম্প্রতি রবীন মণ্ডল অভিযোগ করেছেন, জেলে বসেই তাঁকে ফোন করে হুমকি দিচ্ছে শাহজাহান ও তাঁর দলবল। এবার সেই অভিযোগের রেশ কাটার আগেই ভাইরাল হল আরও এক হুমকি ফোনের অডিও (যার সত্যতা যাচাই করেনি টিভি৯ বাংলা)। অভিযোগ, শাহজাহানের নামে করা মামলা তুলে নেওয়ার জন্য চাপ দেওয়া হয়েছে রবীনের ভাইপো নীলাদ্রি মণ্ডলকে।
সূত্রের খবর, রবীনের ডাক্তার ভাইপোকে ফোন করে হুমকি দিয়েছে শাহজাহানের ঘনিষ্ঠ সহযোগী টুইন ভুঁইয়া। ফোনে সে বলেছে, “বাবলুদা খবর পাঠিয়েছে, টাকার মাধ্যমে সমঝোতা করা যায় কি না দেখে নাও, মামলা তুলে নাও। কারণ শাহজাহান বেরিয়ে এলে আর পথ থাকবে না।”
এই বক্তব্য শুনে নীলাদ্রি পাল্টা প্রশ্ন করেন, “তবে কি শাহজাহান খুব শীঘ্রই জেল থেকে বেরোচ্ছে?” উত্তরে টুইন জানায়, “খুব শিগগিরই শাহজাহান বাইরে আসবে।”
এর আগেও রবীন মণ্ডল জানিয়েছিলেন, “শাহজাহান বলেছে, আমি শীঘ্রই ছাড়া পাব।” যদিও তার দলবল বারবার ‘ছাড়া পাওয়ার’ কথা বললেও, আদালত সন্দেশখালির এই বিতর্কিত নেতাকে সহজে মুক্তি দিতে নারাজ।
১৫ মার্চ রবীন মণ্ডল যখন শাহজাহানের বিরুদ্ধে জেলে বসে হুমকি দেওয়ার অভিযোগ আনেন, তার তিন দিন আগেই বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মহম্মদ শব্বর রসিদির ডিভিশন বেঞ্চ শাহজাহানের আগাম জামিনের আর্জি খারিজ করে দেয়। ফলে আপাতত জেলের মধ্যেই বন্দি থাকতে হচ্ছে ‘বেতাজ বাদশাকে’।