গলায় গলায় ভাব শাশুড়ি-বৌমার, দরজার আড়ালে চলত ‘আসল খেলা’, ঘরে ঢুকতেই…

শাশুড়ি-বৌমার সম্পর্ক কখনও মিষ্টি, কখনও তিক্ত। এই সম্পর্ক নিয়ে নানা গল্প শোনা যায়। তবে এবার এমন এক ঘটনা সামনে এসেছে, যা দেখে শুধু সাধারণ মানুষ নয়, হতবাক পুলিশও! শাশুড়ি-বৌমার এই জুটি এত নিখুঁতভাবে তাদের অপকর্ম চালিয়ে যাচ্ছিল যে কেউ কিছুর আঁচই পায়নি।

তাহলে কী করত তারা? সাধারণ মানুষদের সঙ্গে প্রতারণা করত, বিভিন্ন কৌশলে টাকা হাতিয়ে নিত। এমনকি চুরি ও ছিনতাইয়েও দক্ষ হয়ে উঠেছিল। তবে এত নিপুণভাবে তারা কাজ চালাত যে কারোর সন্দেহ হয়নি।

ঘটনাটি ঘটেছে বিহারের কাইমুর জেলায়। সম্প্রতি, সেখানকার বাসিন্দা বিন্দু দেবীর সোনার ও রুপোর গহনা চুরি হয়ে যায়। তিনি ই-রিকশায় চেপে ফিরছিলেন, তখনই চুরির ঘটনা ঘটে। অভিযোগ জানাতেই পুলিশ তদন্ত শুরু করে।

সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে দেখা যায়, রিকশাচালকের সহায়তায় দুই মহিলা ওই মহিলার গহনা ছিনিয়ে নেয়। প্রথমে পুলিশ রিকশাচালককে গ্রেপ্তার করে, পরে তার সূত্র ধরেই অভিযুক্ত দুই মহিলার সন্ধান পাওয়া যায়।

অভিযুক্তরা হলেন জিরামুনি দেবী ও জ্যোতি দেবী— সম্পর্কে শাশুড়ি-বৌমা। তাদের বাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার হয় ১০০ গ্রাম সোনার গহনা, ৩.২ কেজি রুপোর গহনা, যার আনুমানিক মূল্য প্রায় ১৩.২৫ লক্ষ টাকা। এছাড়াও পাওয়া যায় ৪১,৮৬৬ টাকা নগদ ও কিছু বিদেশি মুদ্রা।

জেরায় তারা স্বীকার করেছে, বহুদিন ধরে সাধারণ মানুষকে ঠকিয়ে গহনা চুরি করত ও পরে দোকানে বিক্রি করে দিত। পুলিশ এখন গোটা চক্রের তদন্ত করছে এবং আশেপাশের গহনার দোকানের মালিকদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।