বিশেষ: ১৪ বছর ধরে এক ব্যক্তির টানে ফিরে আসে পাখি, জেনেনিন অবাক করা এক ঘটনা সম্পর্কে

ভালোবাসা, বন্ধুত্ব কিংবা রক্তের টান মানুষকে দূর দেশেও বারবার ফিরিয়ে আনে। তবে, মানুষের প্রতি পশুপাখির এমন গভীর ভালোবাসার দৃষ্টান্ত খুব কমই দেখা যায়। তুরস্কের বুরসা প্রদেশের কারাকাবাগ গ্রামে তেমনই এক বিরল ঘটনার সাক্ষী হলেন স্থানীয় বাসিন্দারা। মৎস্যজীবী আদেম ইলমাজের প্রিয় সারস পাখি ‘ইয়ারেন’ ১৪ বছর ধরে প্রতি বসন্তে ফিরে আসে তার কাছে।

প্রতি বছর বসন্তকালে এস্কিকারাগাচ গ্রামে ফেরে ‘ইয়ারেন’। সেখানে বাসা বেঁধে সময় কাটায়। এই সময় প্রায় প্রতিদিনই ৬৯ বছর বয়সী আদেমের মাছ ধরার নৌকায় দেখা যায় তাকে। এ বছর ১৫ মার্চ, ‘ইয়ারেন’ তার সঙ্গী ‘নাজলি’কে নিয়ে গ্রামে পৌঁছায়। আদেমের নৌকায় অন্যান্য বছরের তুলনায় বেশি সময় কাটায় তারা। এই দৃশ্য তাদের গভীর বন্ধুত্বের এক আবেগঘন মুহূর্ত তৈরি করে, যা স্থানীয়দের হৃদয় ছুঁয়ে যায়।

‘ইয়ারেন’-এর ফিরে আসায় আবেগাপ্লুত আদেম জানান, “আমি ওর অপেক্ষায় ছিলাম। এ বছর একটু দেরি হওয়ায় চিন্তিত হয়ে পড়েছিলাম। ওকে দেখে আমি ভীষণ খুশি। ‘ইয়ারেন’ আমার কাছে সন্তানের মতো। প্রতিদিন সকালে আমি ওকে মাছ খেতে দিই।”

তুরস্কের কৃষিমন্ত্রী ইব্রাহিম ইয়ুমাকলিও এই বিশেষ মুহূর্তটি উদযাপন করেন। তিনি এই জুটির ছবি সামাজিক মাধ্যমে শেয়ার করে লেখেন, “বসন্ত এসে গেছে, অপেক্ষার অবসান হলো। এই হৃদয়স্পর্শী পুনর্মিলনের ১৪ বছর পূর্ণ হলো।”

এই মৎস্যজীবী ও সারস পাখির অসাধারণ বন্ধুত্ব বিশ্বজুড়ে মানুষের মনে এক অন্যরকম ভালোবাসার জন্ম দিয়েছে।