শাঁখা-পলা- সিঁদুরে নববধূর বেশে নন্দিনী দিদি, দোলের দিন খেললেন সিঁদুরও

সোশ্যাল মিডিয়ার দৌলতে রাতারাতি জনপ্রিয়তা পেয়েছেন অনেকে। কেউ সেই খ্যাতিকে সামলে নিয়েছেন, আবার কেউ হারিয়েও গেছেন আলোর মঞ্চ থেকে। তবে গত তিন বছর ধরে নেটিজেনদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন ডালহৌসির অফিস পাড়ার নন্দিনী গঙ্গোপাধ্যায়, যিনি সকলের কাছে ‘নন্দিনী দিদি’ বা ‘স্মার্ট দিদি’ নামেই পরিচিত। ২০২৩ সালে বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল তাঁর। আইনী বিয়ে সম্পন্ন হলেও সামাজিক বিয়ে হয়নি এতদিন। অবশেষে দোলযাত্রার শুভ দিনে গাঁটছড়া বাঁধলেন নন্দিনী।
সিঁথিতে সিঁদুর, হাতে শাঁখা-পলা-চুড়ি, কনুই অবধি মেহেন্দি—নববধূর নতুন লুকে সোশ্যাল মিডিয়ায় হাজির হয়েছেন নন্দিনী। তাঁর এই নতুন রূপ দেখে মুগ্ধ নেটিজেনরা। লাইভ ভিডিওতে তিনি নিজেই খুলে বলেছেন বিয়ের গল্প। সঙ্গে হাজির করেছেন স্বামী রুদ্র দাসকেও।
নন্দিনী বলেন, “এই তো হল, তাড়াহুড়ো করেই হল। অনেকেই যারা আমাকে চেনেন, জানেন যে আমি দীর্ঘদিন ধরেই একটা সম্পর্কে ছিলাম। আর ফাইনালি একটা সোশ্যাল ম্যারেজে আমি আবদ্ধ হলাম। বলতে একটা কেমন লাগে….। দোলের দিন যেদিন সকলে রং খেলছিলেন, আমি সেদিন সিঁদুর খেলেছি। সেদিনই এতদিন ধরে ওয়েট করা দিনটা আমার লাইফে এসেছে। ধন্যবাদ তাদের সকলকে যারা আমার জন্য প্রার্থনা করেছেন। আরও অনেকেই চাইত, বলত বিয়ে করো দিদি, কবে বিয়ে করবে…।”
তিনি আরও জানান, বিয়ের দিনই শ্যামসুন্দরী মায়ের মন্দিরে গিয়েছিলেন। ভিডিওতে নন্দিনী দিদিকে নেটিজেনরা নববিবাহিত জীবনের শুভেচ্ছা জানান। শুধু তাই নয়, তাঁর নতুন লুকের প্রশংসায় ভাসছেন সোশ্যাল মিডিয়ার ব্যবহারকারীরা।
রুদ্র দাসের সঙ্গে সম্পর্ক
২০২৩-র শেষ দিকে রুদ্র দাসের সঙ্গে নিজের সম্পর্কের কথা সামনে এনেছিলেন নন্দিনী। এরপর গত বছরের শুরুতেই আইনী বিয়ে সেরে ফেলেন তাঁরা। যদিও নন্দিনী বহু ভিডিওতে আগেই জানিয়েছিলেন যে, শ্বশুরবাড়িতেই থাকেন তিনি। তবে নিয়মিত বাবার বাড়িতেও যাতায়াত করেন। এবার দোলযাত্রার শুভ দিনে চার হাত এক হল।
সোশ্যাল মিডিয়ায় জনপ্রিয়তা
ডালহৌসির অফিস পাড়ার নন্দিনী দিদি সোশ্যাল মিডিয়ায় দারুণভাবে জনপ্রিয়। ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়াশোনা করে বেঙ্গালুরুতে চাকরি করতেন তিনি। কোভিডের পরে সব ছেড়ে বাবার ভাতের হোটেলে সাহায্য করতে শুরু করেন। এরপরই অফিস পাড়ার জনপ্রিয় হয়ে ওঠেন নন্দিনী। বর্তমানে রাজারহাটে তাঁর হোটেল রয়েছে। সেখানেও নিয়মিত হাজির হন ভ্লগারটা।
নন্দিনীর সংগ্রামী জীবন এবং সোশ্যাল মিডিয়ায় তাঁর স্পষ্টবাদিতা নেটিজেনদের মুগ্ধ করেছে। এবার নববধূ হিসেবে নতুন জীবন শুরু করলেন তিনি। নেটিজেনদের পক্ষ থেকে নন্দিনী দিদির নতুন জীবনের জন্য রইল অগণিত শুভেচ্ছা।