১৩৫০ কোটির ডিপোজিট! তবে কী পূর্ণ ব্যাঙ্কের মর্যাদা পেতে চলেছে কাঁথি কোঅপারেটিভ ব্যাঙ্ক?

কাঁথি কোঅপারেটিভ ব্যাঙ্ক কি এবার পূর্ণ ব্যাঙ্কের মর্যাদা পেতে চলেছে? সম্প্রতি ব্যাঙ্কের চেয়ারম্যান তথা বিধায়ক তরুণ মাইতি এবং ব্যাঙ্কের সম্পাদক অ্যাপোলো আলির মুম্বই যাত্রা ঘিরে জল্পনা বাড়ছে। সূত্রের খবর, ইতিমধ্যেই “থ্রি টায়ার লেয়ার”-এ প্রবেশ করেছে এই ব্যাঙ্ক, যা পূর্ণ ব্যাঙ্কের মর্যাদা পাওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ পদক্ষেপ। উল্লেখ্য, এটি উত্তর-পূর্ব ভারতের সবচেয়ে বড় আরবান কোঅপারেটিভ ব্যাঙ্ক, যার বার্ষিক টার্নওভার ৫০০ কোটিরও বেশি!

আরবিআই-এর শর্ত অনুযায়ী, পূর্ণ ব্যাঙ্কের মর্যাদা পেতে আরবান কোঅপারেটিভ ব্যাঙ্কগুলিকে অন্তত ১০০০ কোটি টাকার ডিপোজিট রাখতে হয়।সূত্রের দাবি, কাঁথি কোঅপারেটিভ ব্যাঙ্কের বর্তমান ডিপোজিট ১৩৫০ কোটি টাকা, যা এই শর্ত পূরণ করছে।”এ” ক্যাটাগরির অডিট ক্লাস পাওয়া এই ব্যাঙ্ক ইতিমধ্যেই “টায়ার থ্রি” শ্রেণিতে রয়েছে, ফলে আরবিআইয়ের শর্ত মানতে কোনও সমস্যা হবে না।

ব্যাঙ্ক কর্তৃপক্ষ বুধবারই আরবিআই গভর্নরের সঙ্গে বৈঠকে বসছেন, যেখানে পূর্ণ ব্যাঙ্কের স্বীকৃতি পাওয়ার বিষয়ে চূড়ান্ত আলোচনা হবে।ইতিমধ্যেই এই ব্যাঙ্ক রাজ্যের বিভিন্ন জেলায় ১৬টি শাখা খুলেছে।রয়েছে এটিএম পরিষেবা, অনলাইন ও ফোন ব্যাঙ্কিং।দুই মেদিনীপুর, হুগলি, কলকাতা সহ একাধিক জায়গায় ছড়িয়ে পড়েছে ব্যাঙ্কের পরিষেবা।

দীর্ঘ ৭৯ বছরের পথচলায় কাঁথি কোঅপারেটিভ ব্যাঙ্ক একাধিক সাফল্য অর্জন করেছে। এখন দেখার বিষয়, পূর্ণ ব্যাঙ্কের মর্যাদা পাওয়ার স্বপ্ন এবার সত্যি হয় কিনা!