“উপযুক্ত নিরাপত্তা দিয়ে তসলিমাকে কলকাতায় ফেরানো হোক”- সংসদে আর্জি শমীক ভট্টাচার্যের

নিশ্বাসে বাংলা, মনে কলকাতা। তবুও ১৮ বছর ধরে প্রিয় শহর থেকে নির্বাসিত তসলিমা নাসরিন। বিতর্কিত বই ‘দ্বিখণ্ডিত’-এর জেরে ২০০৭ সালে কলকাতা ছাড়তে হয়েছিল তাঁকে। আপাতত দিল্লিতেই বসবাস করছেন এই বিতর্কিত লেখিকা। তবে এবার তাঁকে ফিরিয়ে আনার দাবি তুললেন বিজেপি সাংসদ শমীক ভট্টাচার্য।

সোমবার সংসদে শমীক বলেন, “তসলিমা কলকাতাকে ভালবাসেন। তিনি বাংলায় কথা বলতে চান, বাংলায় কবিতা লিখতে চান। উপযুক্ত নিরাপত্তা দিয়ে তাঁকে ফিরিয়ে আনা হোক।”

শমীক অভিযোগ তোলেন, ২০০৭ সালে তসলিমাকে বিতাড়িত করতে সক্রিয় ভূমিকা নিয়েছিল কংগ্রেস ও বামেরা। সেই সময় তৃণমূলও কোনও উদ্যোগ নেয়নি বলে দাবি তাঁর।

প্রসঙ্গত, গত বছর তসলিমার ভারতে থাকার রেসিডেন্স পারমিটের মেয়াদ শেষ হয়ে যায়। পরে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের হস্তক্ষেপে তাঁর পারমিটের মেয়াদ বাড়ানো হয়। কিন্তু কলকাতায় ফেরা আর হয়নি।

এবার বিজেপি সরব হল তসলিমার ফেরা নিয়ে। তবে বাংলা কি আদৌ তাঁকে ফিরিয়ে নিতে প্রস্তুত?

Saheli Saha
  • Saheli Saha