ব্যাট-বলে ঝড় তোলা মহারাজ লাঠি হাতে ক্যামেরার সামনে! অফিসারের চরিত্রে নেটিজেনদের চমকে দিলেন ‘দাদা’

নেটফ্লিক্সের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘খাকি: দ্য বেঙ্গল চ্যাপ্টার’-এর জন্য এবার শ্যুট করলেন ভারতীয় ক্রিকেটের ‘দাদা’ সৌরভ গাঙ্গুলি। ক্রিকেট মাঠে যিনি বোলারদের নাজেহাল করেছেন, তিনিই এবার পুলিশের উর্দি গায়ে চমকে দিলেন নেটিজেনদের।

সম্প্রতি প্রকাশিত প্রোমোতে দেখা যাচ্ছে, সিরিজের কাস্টিং চলছে। ঠিক তখনই পুলিশের পোশাক পরে হাজির সৌরভ গাঙ্গুলি। মুখে একটাই প্রশ্ন, “বাংলাকে নিয়ে শো বানাচ্ছেন, আর আমাকে ডাকলেন না!”

পরিচালক অয়ন সেনগুপ্ত সৌরভকে বোঝান, “আপনাকে একজন সৎ পুলিশ অফিসারের চরিত্রে অভিনয় করতে হবে। চোখেমুখে রাগ ফুটিয়ে তুলতে হবে।”

সৌরভও ভাবলেন, রাগ তো কম নেই, শুধু কাউকে মনে করলেই হবে! আর মুহূর্তেই চোখের সামনে ফুটে ওঠে গ্রেগ চ্যাপেলের চেহারা। সেই রাগ দেখিয়ে কাঁপিয়ে দিলেন শ্যুটিং সেট।

পরিচালক তখন বলেন, মাত্র ৮ সেকেন্ডে দুর্দান্ত অ্যাকশন দেখাতে হবে। তাতেই তো ঘাবড়ে যান ‘দাদা’। ঠিক তখনই চালানো হয় টলিউড তারকা জিতের অ্যাকশন দৃশ্য। সেটা দেখেই সটান ঘোষণা, “না, অভিনয় নয়, ‘খাকি’-র প্রচারেই থাকব!”

এই মজার প্রোমো দেখে নেটিজেনদের প্রতিক্রিয়া মিশ্র। কেউ সৌরভের কমিক টাইমিং-এর প্রশংসা করেছেন, কেউ আবার পুলিশের চরিত্রে ‘দাদা’কে মানিয়ে নিতে পারছেন না।

তবে যা-ই হোক, সৌরভ গাঙ্গুলির এই নতুন রূপ নিঃসন্দেহে দর্শকদের মনোরঞ্জন করবে।