আজ বাঙালির গর্বের দিন! শপথ নিলেন বিচারপতি জয়মাল্য বাগচী, SC-তে মোট বাঙালির সংখ্য়া কত জানেন?

সোমবার এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকল ভারতীয় বিচার ব্যবস্থা। কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী সুপ্রিম কোর্টের বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেছেন। দেশের প্রধান বিচারপতি সঞ্জীব খান্নার তত্ত্বাবধানে তিনি শপথবাক্য পাঠ করেন। গত ১০ মার্চ সুপ্রিম কোর্টের কলেজিয়াম তাঁর নাম প্রস্তাব করেছিল, যা কেন্দ্রীয় সরকার অনুমোদন করে। এরপর মাত্র কয়েক দিনের মধ্যেই তিনি শীর্ষ আদালতের বিচারপতি পদে উন্নীত হলেন।
এই শপথ গ্রহণ শুধু একটি আনুষ্ঠানিকতা নয়, বরং ভবিষ্যতের জন্য একটি বড় ইঙ্গিত। বিচারপতি জয়মাল্য বাগচী আগামী ২০৩১ সালে ভারতের প্রধান বিচারপতি হিসেবে দায়িত্ব নিতে পারেন বলে কলেজিয়াম সূত্রে জানা গেছে। এই সম্ভাবনা তাঁর নিয়োগকে আরও তাৎপর্যপূর্ণ করে তুলেছে। তিনি ২০৩১ সালের মে মাসে প্রধান বিচারপতির পদে বসতে পারেন, যদিও তাঁর অবসরের সময় নির্ধারিত হয়েছে একই বছরের ২ অক্টোবর।
বিচারপতি বাগচীর এই নিয়োগের মাধ্যমে সুপ্রিম কোর্টে বাঙালি বিচারপতির সংখ্যা বেড়ে দাঁড়াল দুজন। বর্তমানে বিচারপতি দীপঙ্কর দত্তও শীর্ষ আদালতে দায়িত্ব পালন করছেন। এর আগে, ২০১৩ সালে বিচারপতি আলতামাস কবীরের অবসরের পর কলকাতা হাইকোর্ট থেকে কোনও বিচারপতি দেশের প্রধান বিচারপতির পদে পৌঁছননি। তাই বিচারপতি বাগচীর এই অগ্রযাত্রা বাঙালিদের মধ্যে উৎসাহ ও গর্বের কারণ হয়ে উঠেছে।
সুপ্রিম কোর্টে বিচারপতির মোট অনুমোদিত পদ ৩৪টি। বিচারপতি বাগচীর নিয়োগের পর এখন সেখানে ৩৩ জন বিচারপতি রয়েছেন, এবং একটি পদ এখনও শূন্য। তাঁর এই যোগদান শীর্ষ আদালতের কার্যক্রমে নতুন গতি এবং শক্তি যোগ করবে বলে আইনজ্ঞ মহল মনে করছে।
বিচারপতি জয়মাল্য বাগচী ২০১১ সালে কলকাতা হাইকোর্টে বিচারপতি হিসেবে নিযুক্ত হন। পরে ২০২১ সালে তাঁকে অন্ধ্রপ্রদেশ হাইকোর্টে বদলি করা হলেও, একই বছরের নভেম্বরে তিনি পুনরায় কলকাতা হাইকোর্টে ফিরে আসেন। হাইকোর্টে দীর্ঘ ১৩ বছরের কার্যকালে তিনি আইনের বিভিন্ন দিকে অভিজ্ঞতা অর্জন করেছেন, যা তাঁকে সুপ্রিম কোর্টে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনে সহায়তা করবে।
এই নিয়োগকে বাংলার জন্য একটি বিশেষ মুহূর্ত হিসেবে দেখা হচ্ছে। বিচারপতি বাগচী শুধুমাত্র একজন বিচারপতি হিসেবেই নয়, ভবিষ্যতে দেশের প্রধান বিচারপতি হিসেবে ভারতীয় বিচার ব্যবস্থায় একটি উল্লেখযোগ্য অধ্যায় রচনা করতে পারেন বলে আশা করা হচ্ছে।