‘অপারেশন করিয়ে দিন’, আর্জি জানিয়েছেন অনুব্রত মন্ডল

এসএসকেএম হাসপাতালে বীরভূমের তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে ভর্তি নেওয়া হয়নি। এসএসকেএম এর ৭ সদস্যের এক মেডিকেল টিম জানিয়েছিলেন যে অনুব্রত মণ্ডলের হাসপাতালে থাকার প্রয়োজন নেই। বাড়িতে থেকেই তার চিকিৎসা চালানো সম্ভব। কিন্তু এবার অনুব্রত মন্ডল অর্শ এবং ফিস্চুলার সমস্যার সমাধান করতে বেসরকারি হাসপাতালে দ্বারস্থ হলেন।
অনুব্রত মন্ডল এবার অস্ত্রোপচার করানোর আর্জি জানিয়ে বোলপুরের একটি বেসরকারি হাসপাতালের কর্ণধারের কাছে দ্বারস্থ হলেন। ওই বেসরকারি হাসপাতালের কর্ণধারকে তাঁর বাড়িতে ডেকে পাঠান অনুব্রত মন্ডল। বেলা ১২টায় তিনি আসেন অনুব্রতর বাড়িতে। এরপরে তিনি বলেন, ‘ওঁর একটি অস্ত্রোপচার করানোর আছে।’
প্রসঙ্গত, সোমবার সন্ধ্যায় তৃণমূল নেতা অনুব্রত মন্ডলের চিনার পার্কের বাড়িতে যায় সিবিআই।
জানা গিয়েছে, সিবিআইয়ের আধিকারিক সেখানে গিয়ে জানতে চান অনুব্রত মন্ডল সেখানে আছেন কিনা। অনুব্রত সেখানে নেই জানতে পেরে কখন তিনি বোলপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তা জানতে চায় সিবিআই। কিন্তু নিরাপত্তা রক্ষীর থেকে সব প্রশ্নের উত্তর না পেয়ে ফের নিজাম প্যালেসে ফিরে যায় সিবিআই।