‘এসো দোল, এসো দোল, হ্যাপি হোলি.….’, গান লিখে চমকে দিলেন মমতা, দিলেন সুরও!

রাত পোহালেই দোল-হোলিতে মেতে উঠবে বাংলার আপামর জনগণ। ইতিমধ্যেই রং ও আবির কেনাকাটা শুরু হয়ে গিয়েছে, এবং পাড়ায় পাড়ায় বসে গিয়েছে রঙের পসরা। এমন আনন্দঘন পরিবেশে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা ও সুরে তৈরি গান ইতিমধ্যেই সকলের মন জয় করেছে। সোশ্যাল মিডিয়ায় পোস্ট হওয়া এই গান শহর থেকে গ্রামবাংলার পথে পথে গুনগুন করে গাইছেন অনেকে।

মন্ত্রী তথা সঙ্গীতশিল্পী ইন্দ্রনীল সেনের কণ্ঠে উঠে এসেছে এই গান, যার কথা ও সুর দিয়েছেন মুখ্যমন্ত্রী নিজেই। গানটি হল: “দোলের এই সমারোহে, ফাগুন দাও দল মাতিয়ে/রাঙিয়ে দাও রাঙিয়ে দাও রাঙিয়ে দাও রাঙিয়ে দাও/রঙের ফাগুনে সবুজ বাগানে রং লেগেছে বনে বনে।”

বাংলার সাংস্কৃতিক বৈচিত্র্যের কথা বারবার উঠে এসেছে মুখ্যমন্ত্রীর লেখনীতে। দুর্গাপুজো, কালীপুজো, বড়দিনের মতো উৎসব নিয়ে কবিতা, প্রবন্ধ লেখার পাশাপাশি এবার দোল-হোলির জন্যও উপহার দিলেন একটি গান।

গতকাল ধনধান্য অডিটোরিয়ামে বসন্ত উৎসবের সূচনা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে ভাঙড়া নাচে পা মিলিয়ে শোনালেন নিজের লেখা গানটি। ইন্দ্রনীল সেনের সুমধুর কণ্ঠে এই গান ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।

এই গানে সমাজের সব অংশের মানুষকে সম্প্রীতির বার্তা দেওয়া হয়েছে। বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি এবং সম্প্রীতির আবহকে তুলে ধরেছে এই গান। নতুন প্রজন্মও এই গানে মেতে উঠেছে। মুখ্যমন্ত্রীর এই সৃষ্টির মাধ্যমে দোল ও হোলি উৎসবের আনন্দ আরও বহুগুণ বৃদ্ধি পেয়েছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলেন, “সকলকে আসন্ন আনন্দের দোলযাত্রা ও রঙিন হোলি উৎসবের আগাম শুভেচ্ছা। রঙের এই উৎসবের উদযাপন আনন্দ, ভালবাসায় আরও রঙিন হয়ে উঠুক।”

বাংলার মানুষ মুখ্যমন্ত্রীর এই উপহারে আপ্লুত। দোল-হোলির উৎসব এবার রঙিন সুরের আবেশে ভাসবে।