একঝলক দেখতে মাইলের পর মাইল জুড়ে লোকের ভিড়, মরিশাসবাসীর ভালোবাসায় আপ্লুত মোদী

আন্তর্জাতিক মঞ্চে আরও একবার সম্মানিত হলেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মরিশাসের জাতীয় দিবসে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রিত হয়ে তিনি দেশের সর্বোচ্চ সম্মানে ভূষিত হলেন। রাষ্ট্রনেতাদের পাশাপাশি সাধারণ মানুষের কাছ থেকেও অগাধ ভালবাসা পেয়েছেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী মোদীর রোডশো মানেই হাজার হাজার মানুষের উপস্থিতি। ভারত হোক বা বিদেশ, সর্বত্রই একই চিত্র দেখা যায়। মরিশাসের রাস্তায়ও তার ব্যতিক্রম ঘটেনি। কিলোমিটারের পর কিলোমিটার রাস্তা জুড়ে মরিশাসের বাসিন্দারা প্রধানমন্ত্রীকে এক ঝলক দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন। তাঁকে দেখে হাত নেড়ে শুভেচ্ছা জানান এবং মোবাইলে ছবি তুলে স্মৃতি ধরে রাখেন। গঙ্গা তালাও যাওয়ার পথে এই উষ্ণ অভ্যর্থনায় আপ্লুত হন প্রধানমন্ত্রী মোদী।
মরিশাসের মাটিতে ভারত ইতিমধ্যেই ইতিহাস গড়ার পথে। প্রধানমন্ত্রী মোদীর হাত ধরে উদ্বোধন হল সিভিল সার্ভিস কলেজ এবং এরিয়া হেল্থ সেন্টার। এই দুটি প্রতিষ্ঠানের নির্মাণে ভারতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
প্রধানমন্ত্রী মোদীর এই সফর ভারত-মরিশাস দ্বিপাক্ষিক সম্পর্কের বন্ধন আরও দৃঢ় করল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। একইসঙ্গে আন্তর্জাতিক মঞ্চে ভারতের মর্যাদা ও প্রভাব আরও বাড়ল।