গোবিন্দাকে বলিউড থেকে কারা সরিয়ে দিতে চেয়েছিল? – বিস্ফোরক দাবি করলেন অভিনেতা

একসময়ের তুমুল জনপ্রিয় বলিউড অভিনেতা গোবিন্দ বহুদিন ধরে রুপালি পর্দায় অনুপস্থিত। সর্বশেষ ২০১৯ সালে ‘রঙ্গিলা রাজা’ সিনেমায় তাকে দেখা গিয়েছিল, যদিও সিনেমাটি বক্স অফিসে সফলতা পায়নি। তবে তার অনুরাগীরা এখনও ‘হিরো নং ১’-খ্যাত এই তারকাকে পর্দায় ফিরে আসার জন্য মুখিয়ে আছেন। দক্ষ অভিনেতা হওয়া সত্ত্বেও গোবিন্দকে কেন হিন্দি সিনেমায় দেখা যায় না, এই প্রশ্ন বহুদিন ধরে অনেকের মনেই ঘুরপাক খাচ্ছে। সম্প্রতি ‘শক্তিমান’ মুকেশ খান্নার ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে এই প্রসঙ্গে মুখ খুললেন গোবিন্দ এবং বিস্ফোরক মন্তব্য করে বললেন, তাকে বলিউড থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হয়েছিল।
গোবিন্দ তার সাক্ষাৎকারে বলেন, “একটা সময় আমাকে লাগাতার মানহানির মুখে পড়তে হয়েছে। সেটা পূর্বপরিকল্পিত ছিল। তারা আমাকে বলিউড ইন্ডাস্ট্রি থেকে সরিয়ে দিতে চেয়েছিল। তখন বুঝলাম যে, আমি একজন অশিক্ষিত বহিরাগত হয়ে বলিউডের শিক্ষিত লোকদের বলয়ে ঢুকে পড়েছি। তাই তারা আমাকে নিয়ে খেলছে।” তবে কারা এই চক্রান্তের পিছনে ছিল, তাদের নাম তিনি স্পষ্ট করেননি।
একসময় যিনি একের পর এক সুপারহিট সিনেমা উপহার দিয়েছেন, যার সাবলীল অভিনয়, নাচের স্টাইল এবং সংলাপ বলার ধরন দর্শকদের মনে গেঁথে গিয়েছিল, সেই গোবিন্দর বিরুদ্ধে কারা যড়যন্ত্র করেছিল, তা নিয়ে কৌতূহল জেগেছে অনেকের মনেই। গোবিন্দ বলেন, “আমি তাদের নাম বলতে পারব না। কারণ আমি এখনও এই ইন্ডাস্ট্রির অংশ এবং লড়ে যাচ্ছি।”
সাক্ষাৎকারে তিনি আরও একটি চমকপ্রদ তথ্য প্রকাশ করেন। গোবিন্দ জানান, এমনও সময় গেছে যখন তিনি ১০০ কোটি টাকার বিগ বাজেটের সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন, শুধুমাত্র চিত্রনাট্যের সঙ্গে একাত্ম হতে না পারার কারণে। তিনি বলেন, “আমার কাজ না পাওয়া নিয়ে যখন সমালোচনা চলছিল, সেই সময়ও আমি একশ কোটি টাকার সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলাম। ফলে আয়নায় নিজের মুখ দেখে নিজেকে চড় মারতে ইচ্ছে হয়েছিল। নিজেকে বলেছিলাম—তুমি পাগল হয়ে গেছ। মোটা অঙ্কের প্রস্তাব না ফিরিয়ে লুফে নিতে পারতে। সেরকম চরিত্রে অভিনয়ের প্রস্তাব দেওয়া হয়েছিল, যেগুলো এখন দর্শকরা বেশ পছন্দ করছেন।”
গোবিন্দর এই স্বীকারোক্তি তার অনুরাগীদের মনে মিশ্র প্রতিক্রিয়া তৈরি করেছে। একদিকে তার সততা ও নীতির প্রতি অটল থাকার প্রশংসা করা হচ্ছে, অন্যদিকে তাকে আবার পর্দায় দেখার আকাঙ্ক্ষা আরও তীব্র হয়েছে। বলিউডে তার প্রত্যাবর্তন কবে হবে, তা নিয়ে এখনও কোনো স্পষ্ট ইঙ্গিত না মিললেও, গোবিন্দর এই সাক্ষাৎকার তার প্রতি দর্শকদের আগ্রহকে নতুন করে জাগিয়ে তুলেছে।