ওজন কমিয়ে এক্কেবারে স্লিম অ্যান্ড ট্রিম বাদশা, র‍্যাপারকে দেখে অবাক নেটপাড়া! ভিডিও

বলিউডের জনপ্রিয় র‍্যাপার বাদশার নতুন রূপ দেখে চমকে গেছেন ভক্তরা। ওজন কমিয়ে এক্কেবারে স্লিম-ট্রিম হয়ে গেছেন তিনি! সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি ভিডিও শেয়ার করেছেন বাদশা, যেখানে তাঁকে একেবারে বদলে যাওয়া চেহারায় দেখা যাচ্ছে। ভিডিওতে দেখা যাচ্ছে, জিমে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে কথা বলছেন বাদশা।

যদিও এই ভিডিওটি তাঁর নিজস্ব পোশাক ব্র্যান্ডের প্রচারের জন্য তৈরি, তবে নেটিজেনদের নজর গিয়ে পড়েছে বাদশার অসাধারণ শারীরিক পরিবর্তনের দিকে। দীর্ঘদিন ধরে বাদশার ওজন নিয়ে নানান আলোচনা চলছিল, এবার নিজেকে সম্পূর্ণভাবে ফিট প্রমাণ করলেন তিনি।

বাদশার এই নতুন লুক দেখে নেটিজেনদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। কেউ মজা করে লিখেছেন, “হানি সিংয়ের ফিরে আসার ভয়ে বাদশা খাওয়া বন্ধ করে দিয়েছেন!” আবার কেউ লিখেছেন, “অসাধারণ দেখতে লাগছে!”

কিন্তু সব নেটিজেনই যে প্রশংসা করেছেন তা নয়। কিছুজনের সন্দেহ, ভিডিওটি এডিট করা হতে পারে। এক ব্যক্তি লিখেছেন, “ভিডিওটি ভুয়ো বলে মনে হচ্ছে।” কেউ আবার বাদশার নতুন লুকের তুলনা করেছেন গায়ক এপি ধিল্লোর সঙ্গে।

র‍্যাপার বাদশার আসল নাম আদিত্য প্রতীক সিং সিসোদিয়া। তিনি হিন্দি, হরিয়ানভি ও পাঞ্জাবি ভাষায় গান গাওয়ার জন্য জনপ্রিয়। তাঁর সংগীতজীবনের শুরু ২০০৬ সালে, যখন তিনি জনপ্রিয় র‍্যাপার ইয়ো ইয়ো হানি সিংয়ের সঙ্গে ‘মাফিয়া মান্দির’ ব্যান্ড তৈরি করেন। তবে ২০১২ সালে হানি সিংয়ের থেকে আলাদা হয়ে যান তিনি এবং একক কেরিয়ার শুরু করেন।

 

View this post on Instagram

 

A post shared by BADFIT (@badfitinternational)

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ‘কাপুর অ্যান্ড সন্স’ ছবির ‘কর গায়ি চুল’ গানটি বাদশার অন্যতম জনপ্রিয় গান। এছাড়া ‘হাম্পটি শর্মা কি দুলহানিয়া’ ও ‘খুবসুরত’-এর মতো বলিউড ছবির জন্যও গান তৈরি করেছেন তিনি।

এই নতুন লুকে বাদশার উপস্থিতি দেখে অনেকেই ভাবছেন, তিনি কি কোনও নতুন প্রজেক্টের জন্য প্রস্তুতি নিচ্ছেন? বা বড় কোনও ছবিতে কাজ করার পরিকল্পনা করছেন? যদিও এ নিয়ে এখনও কোনও আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবে ভক্তদের উত্তেজনা তুঙ্গে।

বাদশার ‘ফ্যাট টু ফিট’ রূপান্তর নিঃসন্দেহে অনুপ্রেরণামূলক। তাঁর কঠোর পরিশ্রম ও ডেডিকেশন দেখে ভক্তরা যেমন মুগ্ধ, তেমনই অনেকে তাঁর এই রূপান্তরের রহস্য জানতে চান। সামনে আরও কী চমক অপেক্ষা করছে, সেটাই এখন দেখার!