‘ও খুব এক্সপেনসিভ…,’ টলিপাড়ার ‘লাভ বার্ডস’ মুখ খুললেন বিয়ের প্রসঙ্গ নিয়ে

ছোট পর্দার অত্যন্ত পরিচিত মুখ তিয়াসা লেপচা এবং সোহেল দত্তের প্রেমের কথা এখন আর কারও অজানা নয়। শুরুতে তাঁদের সম্পর্কে কিছুটা গোপনীয়তা থাকলেও, এখন আর লুকোছাপা করেন না এই জুটি। বরং প্রকাশ্যে প্রেমের কথা স্বীকার করে নিয়েছেন তাঁরা। সোশ্যাল মিডিয়ায় তিয়াসা-সোহেলের আবেগমাখা মুহূর্তগুলো প্রায়ই ভাইরাল হয়। মাঝে তাঁদের মধ্যে কিছুটা দূরত্ব তৈরি হয়েছিল, তবে নতুন বছরে সেই সমস্যা মিটে গেছে। এবার বিয়ের প্রসঙ্গে মুখ খুললেন টলিপাড়ার এই নতুন ‘লাভ বার্ডস’।

সম্প্রতি শহরে একটি ক্রিকেট টুর্নামেন্টের জার্সি লঞ্চে উপস্থিত ছিলেন তিয়াসা ও সোহেল। সেখানে সংবাদমাধ্যম তাঁদের বিয়ের পরিকল্পনা নিয়ে প্রশ্ন ছুঁড়ে দেয়। সোহেল জবাবে বলেন, “ওকে কাজ করতে হবে, আমাকেও কাজ করতে হবে। এখনও অনেক কিছু করা বাকি আছে। বিয়ে মানে দায়িত্ব পড়ে যাওয়া…”। তাঁর কথার মাঝেই তিয়াসা পাশ থেকে বলে ওঠেন, “আসলে বিয়ে মানেই তো দায়িত্ব বাড়া। আরও একটা পরিবারকে ভালো রাখা, খুশি রাখা। এখন যতটা ক্যাজুয়ালি থাকতে পারছি…”। এরপর সোহেল আবার যোগ করেন, “ও খুব এক্সপেনসিভও। তাঁকে মেনটেন করার জন্য সেই লেভেলে পৌঁছতে হবে। সেই জায়গায় পৌঁছে তারপর ভাবনাচিন্তা করতে হবে।”

এর আগেও প্রেম ও বিয়ের প্রসঙ্গে তিয়াসা সংবাদমাধ্যমকে বলেছিলেন, “ও আমার জীবনে এমন একজন, যাকে আমি সব কিছু বলতে পারি। না বলতে পারলেই অস্বস্তি হয়। ও কী করছে, কোথায় যাচ্ছে, আমি কী করছি, কোথায় যাচ্ছি—দু’জনেই সব জানি।” তবে এখনই বিয়ের পরিকল্পনা নেই তাঁদের। এই বিষয়টি তাঁরা পরিবারের ওপর ছেড়ে দিয়েছেন। আপাতত চুটিয়ে প্রেম করতে চান তিয়াসা-সোহেল। সেই সঙ্গে তিয়াসার ইচ্ছে, বিয়ের আগে সোহেলের সঙ্গে একটি মেগা ধারাবাহিকে কাজ করার।

‘কৃষ্ণকলি’ ধারাবাহিকে শ্যামা চরিত্রে অভিনয় করে বাঙালির ঘরে ঘরে জনপ্রিয় হয়ে উঠেছেন তিয়াসা। ‘বাংলা মিডিয়াম’ শেষ হওয়ার পর এখন তাঁকে দেখা যাচ্ছে ‘রোশনাই’ ধারাবাহিকে। অন্যদিকে, সোহেল একসময় শিশুশিল্পী হিসেবে কাজ করেছেন। বর্তমানে তিনি ‘মিত্তির বাড়ি’ ধারাবাহিকে অভিনয় করছেন। এছাড়া রাজনীতির মঞ্চ ও মিছিলেও প্রায়ই দেখা যায় তাঁকে। শোনা যায়, কোনও রাজনৈতিক মঞ্চে তাঁদের প্রথম দেখা হয়। তবে টলিপাড়ায় তিয়াসার মতো জনপ্রিয়তা সোহেলের নেই। শ্রাবন্তী চট্টোপাধ্যায়, কৌশানী মুখোপাধ্যায়ের মতো টলি নায়িকাদের সঙ্গে প্রায়ই দেখা যায় তাঁকে। শ্রাবন্তীর নির্বাচনী প্রচারেও তিনি নায়িকার সঙ্গে ছিলেন।

প্রসঙ্গত, ছোট পর্দায় জনপ্রিয়তার সঙ্গে সমালোচনার মুখেও পড়েছিলেন তিয়াসা। স্বামী সুভান রায়ের সঙ্গে ২০১৭ সালের ৮ অক্টোবর বিয়ে হয় তাঁর। পরে তাঁদের বিবাহবিচ্ছেদ হয়ে যায়। সেই সময় তিনি জানিয়েছিলেন, সুভানের সঙ্গে কোনও সমস্যা নেই। এরপর সোহেলের সঙ্গে তাঁর নতুন সম্পর্ক নিয়ে জল্পনা শুরু হয়। প্রথমে স্বীকার না করলেও, তিয়াসার জন্মদিনে সোহেলের বিশেষ আয়োজনের পর নায়িকা নিজেই সম্পর্কে সিলমোহর দেন।