“মায়ের অভাব নেই, আমি শুধু সন্তান চাই”-বিয়ে ছাড়াই বাবা হতে চান সালমান খান

বলিউডের ‘ভাইজান’ সালমান খান বরাবরই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার কেন্দ্রে থাকেন। ৬০ বছর বয়স ছুঁইছুঁই এই সুপারস্টার এখনও বিয়ে করেননি, তবে বাবা হওয়ার স্বপ্ন তাঁর মনে গভীরভাবে রয়ে গেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সালমান জানিয়েছেন, বিয়ে না করলেও সন্তানের বাবা হওয়ার তীব্র ইচ্ছা তাঁর রয়েছে। কিন্তু ভারতের আইনি জটিলতার কারণে সেই স্বপ্ন পূরণ করা তাঁর পক্ষে সম্ভব হচ্ছে না।
বহুদিন ধরেই সন্তান লাভের স্বপ্ন দেখে আসছেন সালমান। তিনি বলেন, “আমি সত্যিই বাবা হতে চেয়েছিলাম। কিন্তু ভারতীয় আইনের কারণে সেটা সম্ভব হচ্ছে না।” এ প্রসঙ্গে তাঁর কাছে প্রশ্ন ওঠে করণ জোহরের উদাহরণ নিয়ে, যিনি সারোগেসির মাধ্যমে বাবা হয়েছেন। জবাবে সালমান জানান, “আমি চেষ্টা করেছিলাম। কিন্তু করণের সময় যে আইন ছিল, সেটা হয়তো এখন বদলে গেছে।” তিনি আরও যোগ করেন, “আমি বাচ্চাদের খুব ভালোবাসি। কিন্তু জানি, বাচ্চার সঙ্গে তার মা-ও আসবে। তবে আমাদের বাড়িতে মায়ের অভাব নেই!”
সালমানের জীবনে প্রেমের অভাব না থাকলেও কোনো সম্পর্কই বিয়েতে পরিণতি পায়নি। ঐশ্বরিয়া রাই বচ্চন, ক্যাটরিনা কাইফের মতো বলিউডের নামী তারকাদের সঙ্গে তাঁর সম্পর্ক আলোচিত হয়েছে। এমনকি সঙ্গীতা বিজলানির সঙ্গে তাঁর বিয়ে প্রায় নিশ্চিত হয়ে গিয়েছিল, বিয়ের কার্ড পর্যন্ত ছাপা হয়েছিল। কিন্তু শেষ মুহূর্তে সেই সম্পর্ক ভেঙে দেন সালমান। এরপর আর কোনো সম্পর্ক স্থায়ী হয়নি। বর্তমানে একাই জীবন কাটাচ্ছেন তিনি, এবং বিয়ের কোনো পরিকল্পনাও তাঁর নেই।
তবে বাবা হওয়ার ইচ্ছা এখনও তাঁর মন থেকে মুছে যায়নি। সাক্ষাৎকারে তিনি সেই আকাঙ্ক্ষার কথা ফের উল্লেখ করে ভক্তদের মনে নতুন করে আলোড়ন তুলেছেন। সালমানের এই স্বপ্ন কবে, কীভাবে পূরণ হবে, তা নিয়ে জল্পনা চলতেই থাকবে।